Aaj India Desk, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে বিজেপি (BJP) সরকার। এবার প্রেসিডেন্সি জেল নিয়ে বড়সড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, জেলের ভিতর থেকেই অপরাধচক্র চালানো হচ্ছিল এবং সেই কাজে ব্যবহার করা হচ্ছিল মোবাইল ফোন। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, গোপন সূত্রে খবর পাওয়ার পর প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) আচমকা অভিযান চালানো হয়। সেই অভিযানে ২৩টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোনও ছিল। ঘটনায় প্রেসিডেন্সি জেলের দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, কিছু জেলকর্মীর সঙ্গে অপরাধীদের যোগসাজশ থাকতে পারে। পাশাপাশি তিনি এ-ও বলেন, আগের সরকারের সময়ে এই বিষয়ে গাফিলতি বা নীরব সমর্থন ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হবে। ডিজি সংশোধনাগার এন রমেশবাবু জানান, কোনও আগাম খবর না দিয়েই জেলে হঠাৎ অভিযান চালানো হয়েছিল। সেখান থেকেই মোবাইলগুলি উদ্ধার হয়। এখন তদন্ত করে দেখা হবে, কীভাবে এই ফোন জেলের ভিতরে ঢুকল এবং কার নামে সিম ব্যবহার করা হচ্ছিল।
এই ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধু জেলের ভিতরে থাকা বন্দিরাই নয়, বাইরে থেকে যারা তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রাজ্যের সব সংশোধনাগারকে সতর্ক করা হয়েছে। দমদম থেকে বহরমপুর-একাধিক জেল নিয়ে একই ধরনের অভিযোগ এসেছে। তাই এবার থেকে জেলের ভিতরে মোবাইল ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যেসব বন্দিদের কাছ থেকে ফোন উদ্ধার হয়েছে, তাঁদের আলাদা সেলে সরানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি জেলে বসে যারা অপরাধের নেটওয়ার্ক চালাচ্ছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ ও কারা দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।


