Aaj India Desk, কলকাতা: বুধবার রাজ্য বিধানসভায় শুরু হল নবনির্বাচিত বিধায়কদের (MLA) শপথগ্রহণ পর্ব। আর সেখানেই সবার আগে শপথ নিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবারের নির্বাচনে তিনি ভবানীপুর ও নন্দীগ্রাম-দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছেন। তবে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ায় স্পষ্ট, নন্দীগ্রাম আসনটি তিনি ছেড়ে দিতে চলেছেন।
শপথ নেওয়ার পর শুভেন্দু বলেন, “আমি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছি ঠিকই, কিন্তু নন্দীগ্রামের মানুষদের কখনও মনে হতে দেব না যে আমি আর তাঁদের পাশে নেই। মানুষের জন্য কাজ আগের মতোই কাজ করব। পাশাপাশি বিধানসভায় স্বচ্ছতা বজায় রাখার দিকেও নজর থাকবে।”
এইদিন বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। আগামী দুদিনে মোট ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতা কেন্দ্রে এখনও নির্বাচন বাকি। এছাড়া শুভেন্দু অধিকারী ও আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দুটি করে আসনে জয়ী হওয়ায় আপাতত মোট ২৯০ জন বিধায়ক শপথ নিচ্ছেন। শাসকদলের বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু অধিকারী। বিধানসভার দরজায় পৌঁছে তিনি মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করেন। অনেকের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সংসদ ভবনে প্রবেশ করেছিলেন, শুভেন্দুর সেই দৃশ্যের সঙ্গে তার মিল পাওয়া যায়। বিধানসভায় তাঁকে স্বাগত জানান প্রোটেম স্পিকার তাপস রায়। নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনারও দেওয়া হয়। এরপর বি. আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে নিজের কক্ষে যান শুভেন্দু এবং সেখানে পুজোও করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে হারান। অন্যদিকে নন্দীগ্রামেও তিনি জয় পান প্রায় ৯,৭০০ ভোটের ব্যবধানে।


