Aaj India Desk, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর বাংলায় নতুন সরকার গঠন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। শুক্রবার বিজেপির বিধানসভা দলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। বৈঠকের পর শাহ জানান, “সোনার বাংলা” গড়ে তোলাই নতুন সরকারের মূল লক্ষ্য হবে।
অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে জোর
বিজেপির এই জয়ের জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে শাহ (Amit Shah) বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশাই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে। তাঁর বক্তব্যে উঠে আসে আইন-শৃঙ্খলা, প্রশাসনিক সংস্কার এবং গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠনের প্রসঙ্গও। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশের প্রসঙ্গকে বিশেষ গুরুত্ব দেন। তাঁর দাবি, উত্তর-পূর্ব ভারতের পর এবার বাংলাতেও বিজেপি সরকার গঠিত হওয়ায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।তিনি বলেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না। বুথভিত্তিক পর্যবেক্ষণ, সীমান্ত নজরদারি এবং গরু পাচার রোধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি সীমান্তের চারপাশে কাটাতারের পাঁচিল তৈরি করা হবে জানানো হয়।
ভবানীপুর প্রসঙ্গে মমতাকে কটাক্ষ
এই দিনের ভাষণে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতার কেন্দ্র ভবানীপুরের ভোটারদের ধন্যবাদ জানান শাহ (Amit Shah)। একই সঙ্গে তিনি দাবি করেন, জনমত দমনের রাজনীতির বিরুদ্ধে মানুষ ভোটের মাধ্যমে জবাব দিয়েছে। বিজেপির দাবি অনুযায়ী, একাধিক জেলায় তারা প্রথম দল হিসেবে উঠে এসেছে। রাজ্যের ৩০টির মধ্যে ২০টি জেলায় বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে বলে দাবি করেন তিনি। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় গেরুয়া শিবির উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণার পর শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই নতুন সরকারের প্রধান দায়িত্ব হবে। শুক্রবার সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল টি এন রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন তিনি। নবনির্বাচিত বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেওয়া হবে।


