Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: সোমবার, ৪ মে ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। বিজেপির (BJP) তরফে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা নিয়ে কৌতূহল বাড়ছিল রাজ্যজুড়ে। সেই সঙ্গে অপেক্ষায় ছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথির মানুষও। বিশেষ করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাড়ার বাসিন্দাদের চোখ ছিল দিল্লির সিদ্ধান্তের দিকে। অবশেষে সব জল্পনার অবসান হল। শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতেই আনন্দে ফেটে পড়লেন এলাকার মানুষজন। বাজনা বাজিয়ে রাস্তায় নেমে নাচ শুরু হয়, পাশাপাশি চলে মিষ্টি ও লাড্ডু বিলিও।
আগামীকাল পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই বৈঠকেই বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করা হয়। অমিত শাহ জানান, বৈঠকে শুভেন্দু ছাড়া অন্য কোনও নাম প্রস্তাবই করা হয়নি। পাশাপাশি ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারানোর জন্য শুভেন্দুর ভূয়সী প্রশংসাও করেন তিনি।
সকালের পর থেকেই কাঁথিতে শুভেন্দুর পাড়ায় উৎকণ্ঠা আর অপেক্ষার আবহ ছিল। কারণ, দীর্ঘ ৫৫ বছর পর আবার পূর্ব মেদিনীপুর জেলার কোনও ভূমিপুত্র বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে এই জেলার অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন। তাই শুভেন্দুর নাম ঘোষণার দিকে তাকিয়ে ছিলেন সকলে।
অমিত শাহের মুখে শুভেন্দুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই কাঁথিতে উৎসবের পরিবেশ তৈরি হয়। এলাকার মানুষজনের কাছে শুভেন্দু ‘বুবাই’ নামেই বেশি পরিচিত। তাঁদের সেই প্রিয় ‘বুবাই’ এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন-এই খবরে আনন্দ ধরে রাখতে পারেননি কেউ। আতসবাজি ফাটানো শুরু হয়, ব্যান্ডপার্টির তালে তালে রাস্তায় নেচে ওঠেন অনেকে। চারদিকে মিষ্টি বিলি চলতে থাকে। স্থানীয়দের কথায়, তাঁদের পাড়ার ছেলে মুখ্যমন্ত্রী হওয়াটা গোটা এলাকার কাছেই গর্বের বিষয়।
অন্যদিকে, এদিন থেকেই শুভেন্দুর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছে গোটা এলাকা ঘুরে দেখেন। ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় যাতে কোনও রকম ত্রুটি না থাকে, তা খতিয়ে দেখা হয় বিস্তারিতভাবে।


