Aaj India Desk,কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি।এই বৈঠকেই ঠিক হতে পারে বিজেপি বিধায়ক দলের নেতা কে হতে পারে ,পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবেন কে ,অর্থাৎ সবাইকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী সিংহাসন দখল করবেন কে? বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির (Mohan Charan Majhi)-রও।
আজ অর্থাৎ শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছবেন অমিত শাহ। বিকেল ৪টে নাগাদ এই হাই ভোল্টেজ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে। তার আগেই বৃহস্পতিবার রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (RN Ravi) বিধানসভার মেয়াদ শেষ হওয়ায় তা ভেঙে দিয়েছেন। সুতরাং সরকার গঠনের প্রক্রিয়া আরও দ্রুত এগোতে শুরু করেছে।
বিজেপি শিবিরে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র নাম। বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে তাঁর নামই সবচেয়ে এগিয়ে বলে মনে করছে বঙ্গবাসী। ভোট প্রাক্কালে নির্বাচনী প্রচারে প্রথম সারিতে ছিলেন শুভেন্দু। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে পরাজিত করার পর থেকেই তাঁর সম্ভাবনা আরও বেশি জোরালো হয়েছে।
তবে মুখ্যমন্ত্রীর দৌড়ে শুধু শুভেন্দু নন, আরও কয়েকজন নেতার নামও ঘুরছে রাজনৈতিক মহলে। তাঁদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) এবং রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। যদিও বিজেপির অন্দরমহলে শুভেন্দুকেই সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
এদিকে শনিবার সকাল ১০টা নাগাদ কলকাতার ব্রিগেড ময়দান (Brigade Parade Ground)-এ নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহ, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।


