Aaj India Desk, মুম্বাই: ভারতের সঙ্গীতজগতের দুই উজ্জ্বল নাম লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও আশা ভোঁসলে (Asha Bhosle)-কে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁদের ছোট বোন ঊষা মঙ্গেশকর (Usha Mangeshkar)। দুই দিদিকে হারানোর পর তাঁর জীবনে যে বড় শূন্যতা তৈরি হয়েছে, সেই কষ্টটাই এবার খুব সহজ ভাষায় সামনে আনলেন তিনি। সম্প্রতি মুম্বইয়ে হওয়া ১৮তম ‘নিউজমেকার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ গিয়ে এক সাক্ষাৎকারে ঊষা জানান, গত আট বছরে তিনি তাঁর দুই বড় দিদিকেই হারিয়েছেন। তাঁর কথায়, “এটা শুধু তাঁদের পরিবারের জন্য নয়, গোটা দেশের জন্যই বড় ক্ষতি-কারণ দেশ হারিয়েছে একের পর এক মহান শিল্পীকে।”
আশা ভোঁসলেকে মনে করতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। বলেন, ছোটবেলা থেকে তিন বোন সবসময় একসঙ্গে ছিলেন। তাই এখন বাড়িতে থাকলে খুব একা লাগে, মনটা খারাপ হয়ে যায়। চারপাশে যেন শূন্যতা ঘিরে ধরে। এই শোকের মধ্যেও অনুষ্ঠানে যাওয়ার কারণও জানান ঊষা। তিনি বলেন, ঘরে বসে শুধু দুঃখ করে থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই মনটা একটু অন্যদিকে ঘোরাতেই বাইরে বেরিয়ে অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, আশা ভোঁসলে গত ১২ এপ্রিল ৯২ বছর বয়সে মারা যান। তার আগের দিন শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের Breach Candy Hospital-এ ভর্তি করা হয়েছিল তাঁকে। হৃদরোগ ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। অন্যদিকে, লতা মঙ্গেশকর ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে প্রয়াত হন। করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন লড়াই করার পর তাঁর মৃত্যু হয়। তিনি ২০০১ সালে ‘ভারত রত্ন’ সম্মান পেয়েছিলেন। পাশাপাশি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মান অর্জন করেছিলেন নিজের দীর্ঘ সংগীতজীবনে। সব মিলিয়ে, দুই দিদিকে হারিয়ে এখন ঊষা মঙ্গেশকরের জীবন যেন এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে- স্মৃতি আর একাকীত্বই যেন তাঁর সঙ্গী।


