কলকাতা: আর একদিন পর ছাব্বিশের বিধানসভা ভোটের গণনা। তার আগে অন্তিম পর্যায়ের মিটিং সারছে প্রায় সব রাজনৈতিক দল। শনিবার কলকাতায় বিজেপির উচ্চ পর্যায়ের মিটিং হওয়ার কথা। তার আগেই প্রায় ৩ ঘন্টা মূলত রাজ্যের সব কাউন্টিং এজেন্টদের (Counting Agents) সঙ্গে ভার্চুয়াল বৈঠক রালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের দু-দিন দলীয় কর্মীদের পরিশ্রম ও লড়াইয়ের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনীর ‘চাপের’ মাঝেও নিজেদের দায়িত্ব পালন করার জন্য দলীয় কর্মীদের কুর্নিশ জানান সুপ্রিমো। শুধু তাই নয়, বৈঠকে দলের আক্রান্ত নেতা-কর্মীদের জন্য পুরস্কারের ঘোষণাও করেন তিনি।
দিলেন বিশেষ বার্তা
জানা গিয়েছে, ৪ মে তিনি নিজে সাংবাদিক বৈঠক করে জয় নিশ্চিত করা পর্যন্ত যেন কোনও এজেন্ট (Counting Agents) গণনাকেন্দ্র না ছাড়েন। পাশাপাশি গণনার আগের দিন থেকে কাউন্টিং এজেন্টদের কিছু স্বাস্থ্যবিধিও মেনে চলার পরামর্শও দিলেন মমতা। জানা গিয়েছে, ভোর ৫টার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছনর, সঙ্গে ডায়েরি রাখার এবং ইভিএম খোলার সঙ্গে সঙ্গে সব তথ্য নোট করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি কড়া বার্তা দিয়ে বলেন, দুর্বল হলে রাজনীতি করার প্রয়োজন নেই।
এছাড়াও, কাউন্টিংয়ের দিন এজেন্টরা (Counting Agents) কি খাওয়া-দাওয়া করবেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি। হালকা খাবার খাওয়া, বাইরের জল না খেয়ে বাড়ির জল নেওয়া এবং পান, বিড়ি, সিগারেট এড়িয়ে চলার পরামর্শ দেন। এমনকি চা খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


