Aaj India Desk, পূর্ব বর্ধমান: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Assembly Election)-এর দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন ঘটে গেল এক অদ্ভুতুড়ে কান্ড। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার নৈহাটির ২৪১ নম্বর বুথে সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। ভোট (Vote) দিতে গিয়ে এক প্রবীণ মহিলা জানতে পারলেন, সরকারি ভোটার তালিকা (Voter List)-য় তিনি নাকি মৃত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৈহাটির ভগবানডাঙা এলাকার বাসিন্দা ঝর্না বিশ্বাস বুধবার সকালে ছেলে ও বৌমাকে নিয়ে ভোট দিতে বুথে যান। পরিবারের অন্য সদস্যরা ভোট দিলেও, ঝর্না দেবীর নাম খুঁজতে গিয়ে বুথ কর্মীরা জানান, কমিশনের অনলাইন ভোটার তালিকায় তাঁকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।
হঠাৎ এমন খবর শুনে হতবাক হয়ে যান ঝর্না বিশ্বাস। জীবিত অবস্থায় নিজেকে মৃত ঘোষণার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বুথে উপস্থিত বিএলও-র কাছে বিষয়টি জানতে চাওয়া হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি বলে অভিযোগ।
ঘটনার পর ভোটকেন্দ্র থেকে হেঁটেই বাড়ি ফেরেন ঝর্না বিশ্বাস। এখন কীভাবে সরকারি নথিতে নিজের নাম ফের জীবিত হিসেবে সংশোধন করা যায়, সেই পথই খুঁজছেন তিনি।
ঝর্না বিশ্বাসের বৌমা শ্রাবণী বিশ্বাস বলেন, “ভোট দিতে গিয়ে দেখলাম শাশুড়িকে মৃত দেখানো হয়েছে। আবার সেই মৃত শাশুড়ির সঙ্গেই হেঁটে বাড়ি ফিরলাম।” যদিও ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তালিকায় কীভাবে এমন ভুল হল, তা নিয়ে উঠছে প্রশ্নও।


