কলকাতা: দ্বিতীয় দফার ভোটগ্রহণে (West Bengal Assembly Election 2026) মাঝে বাকি মাত্র ১ দিন। নিরাপত্তা নিশ্চিত করতে কোনোরকম খামতি রাখা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাইকে গ্রুপ রাইডিং-এ নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ মদের দোকান। এবার বিভিন্ন হোটেল, গেস্টহাউস গুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার বিধাননগরের একাধিক হোটেল ও গেস্টহাউসে হানা দেয় পুলিশ বাহিনী। হোটেলের গেস্ট লিস্ট খতিয়ে দেখার পাশাপাশি কর্মচারীদের সঙ্গেও কথাবার্তা বলেন পুলিশ কর্তারা।
কেন এই অভিযান?
জানা গিয়েছে, অন্য রাজ্য থেকে আসা বা ‘বহিরাগতদের’ শনাক্ত করা এবং সন্দেহভাজনদের আটক করা ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সল্টলেক এলাকায় বিভিন্ন রাজ্যের কয়েকজন ব্যক্তির গ্রেপ্তারের পরই এই অভিযান শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ভোটের (West Bengal Assembly Election 2026) আগে অননুমোদিত জমায়েত ও সন্দেহজনক কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হোটেল ও গেস্ট হাউসগুলিতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে এবং পরিচয় যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনিক তৎপরতা জারি থাকলেও স্থানীয় স্তরে আতঙ্ক বা অস্বস্তি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ।


