Aaj India Desk, পশ্চিম বর্ধমান: প্রথম দফার ভোট (Vote) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ৯০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। কিন্তু ভোটের মাত্র দু’দিন পর পশ্চিম বর্ধমানের আসানসোলে (Asansol) ঘটে গেল চাঞ্চল্যকর খুনের ঘটনা। আবাসনের ভিতরে ঢুকে এক কংগ্রেস (Congress) সমর্থককে মারধর করে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায় (Debdeep chattopadhyay)। এই ঘটনার প্রতিবাদে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
ইতিমধ্যেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গেছে, আবাসনের গেটের কাছে কয়েকজন ব্যক্তি দেবদীপকে মাটিতে ফেলে মারধর করছে। তাঁকে লাথি মারতেও দেখা যায়। ঘটনাস্থলে এক মহিলাকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
জানা গিয়েছে, দেবদীপ চট্টোপাধ্যায় ওই আবাসনের বাসিন্দা ছিলেন। আবাসনের সেক্রেটারি এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডীর হয়ে তিনি ভোটের প্রচারেও অংশ নিয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, সমর্থক হওয়ার কারণেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল (TMC)-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা।
কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতণ্ডীর দাবি, শুক্রবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন দেবদীপ। সেই সময় রাস্তার মধ্যে গাড়ি ঘোরানো নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসা শুরু হয়। দেবদীপ তখন স্ত্রী ও সন্তানকে বাড়ির ভিতরে চলে যেতে বলেন। পরে তিনি বলেন, প্রয়োজনে শঙ্কুদাকে (প্রসেনজিৎ পুইতণ্ডী) ডাকবেন। এই কথা শুনেই অভিযুক্তরা তাঁকে মাটিতে ফেলে মারধর শুরু করে বলে অভিযোগ।
দেবদীপের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃণমূল কাউন্সিলর অনিমেষ দাসের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও অনিমেষ দাস জানিয়েছেন, তিনি আসানসোলের বাইরে রয়েছেন এবং এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না।


