নয়াদিল্লি: যাবতীয় জল্পনা সত্যি করে শুক্রবার দলবদল করেছেন ‘ঘাতক’ রাঘব (Raghav Chadha)! আপ শিবির ত্যাগ করে ৬ জন সাংসদকে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তিনি। সেই নিয়েই শুরু হয়েছে তুমুল সমালোচনা। সুদর্শন নেতা, সংসদে সু-বক্তা, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরতেন, আবার পরিণীতি চোপড়ার জীবনসঙ্গী।
রাঘব চাড্ডাকে (Raghav Chadha) অনেক নেটিজেনই ‘নায়ক’ সিনেমার অনিল কাপুর মনে করতেন। কিন্তু দলবদলের সঙ্গে সঙ্গেই রাঘব চাড্ডা মন ভাঙলেন তাঁর অনেক ভক্তের। বিমানবন্দরে শিঙাড়ার দাম থেকে অতিরিক্ত বিমান ভাড়া, ১০ মিনিটে অনলাইন ডেলিভারির নামে ডেলিভারি বয়দের শোষণ, রাঘবের (Raghav Chadha) কোথায় উঠে এসেছিল আম জনতার কথা।
কিন্তু সেই আম জনতার পার্টি বলে নিজেদের দাবী করা আম আদমি পার্টির সঙ্গে মতের অমিল, আর রাঘব চাড্ডার দলবদল যেন মেনে নিতে পারছেন না তাঁর অনুগামীরা। সমাজমাধ্যমে যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি। একই সঙ্গে যুব সমাজের কাছেও ধীরে ধীরে হয়ে উঠছিলেন আদর্শ নেতা। বিজেপিতে যোগ দিতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তাঁকে আনফলো করার হিড়িক।
শুক্রবার পর্যন্ত তাঁর ফলোয়ার সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লক্ষ, যা শনিবার দুপুরের মধ্যে কমে দাঁড়ায় প্রায় ১ কোটি ৩৫ লক্ষে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘UnfollowRaghavChadha’। যে যুব সমাজের মনে জায়গা করে জনপ্রিয়তা পাচ্ছিলেন তিনি, আজ তাঁদেরই রোষের মুখে ‘দলবদলু’ রাঘব (Raghav Chadha)। বিজেপি তাঁকে কীভাবে কাজে লাগাবে, তা দেখার জন্য যেমন মানুষ অপেক্ষা করছে, তেমনই প্রশ্ন উঠছে, নিজের ইমেজ পুনরুদ্ধার কি করতে পারবেন রাঘব চাড্ডা?


