Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের প্রথম দফা ভোটের আগে মোটরবাইক চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Comission)। ২৩ শে এপ্রিলের ভোটের তিন দিন আগে থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। তবে সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার রায় দিলো কলকাতা হাইকোর্ট।
কমিশনের (Election Comission) এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার পর বৃহস্পতিবার প্রথম শুনানিতেই কমিশনকে তিরস্কার করে আদালত। বাইক নিষেধাজ্ঞার যৌক্তিকতা প্রমাণ করতে নির্বাচন কমিশনকে শুক্রবারের মধ্যে বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
শুক্রবার দ্বিতীয় শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও এর বেঞ্চ কমিশনের নিষেধাজ্ঞা খারিজ করে জানায়, ৪৮ ঘণ্টা আগে থেকে সাধারণ মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয়। আদালতের রায় অনুযায়ী, ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিলিয়ন রাইডিং আংশিকভাবে নিষিদ্ধ থাকবে। তবে আদালত মোটরবাইক মিছিলের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করেনি। সম্ভাব্য অশান্তি এড়াতে এই সিদ্ধান্তকে যৌক্তিক বলেই মনে করেছে আদালত।
পরিবার সদস্যদের ক্ষেত্রে ভোট দিতে যাওয়া, চিকিৎসা জাতীয় জরুরি পরিস্থিতি বা পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ওলা, উবার, জোম্যাটো, সুইগির মতো পরিষেবা প্রদানকারী এবং পরিচয়পত্রসহ অফিসগামীদের এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে।
রায়ে বিচারপতি বলেন, “নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে গিয়ে নির্বাচন কমিশন (Election Comission) ইচ্ছামতো নিষেধাজ্ঞা চাপাতে পারে না।” তিনি আরও উল্লেখ করেন, বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এত কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারেনি কমিশন। ফলে এই ৪৮ ঘণ্টার ‘বাইক ব্যানে’র সময়সীমা কমিয়ে ১২ ঘণ্টায় নিয়ে আসার নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, এই নিষেধাজ্ঞার জেরে সাধারণ মানুষের যাতায়াত এবং ডেলিভারি পরিষেবা ব্যাহত হয়েছিল। হাইকোর্টের এই রায়ে সেই চাপ কিছুটা কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


