Aaj India Desk, কলকাতা: রাজনীতি আর বিনোদনের জগত একসঙ্গে এলে আমাদের কৌতূহল যেন একটু বেশিই বেড়ে যায়। আর ঠিক সেই কারণেই বারবার আলোচনায় উঠে আসে রাঘব চাড্ডা (Raghav Chadda) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-এর প্রেমকাহিনি। বর্তমানে রাঘব চাড্ডার দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এর মাঝেই সমাজমাধ্যমে আবার ভাইরাল হয়েছে তাঁদের সম্পর্কের এক পুরনো কিন্তু বেশ মজার গল্প।
এক জনপ্রিয় শোয়ে পরিণীতি নিজেই জানিয়েছিলেন, তাঁদের প্রথম দেখা হয়েছিল লন্ডনে ব্রিটিশ কাউন্সিলের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। রাজনীতিতে বিশেষ অবদানের জন্য রাঘব চাড্ডা এবং বিনোদন জগতে সাফল্যের জন্য পরিণীতিও সেখানে আমন্ত্রিত ছিলেন। মজার বিষয় হলো, পরিণীতির দুই ছোট ভাই রাঘবের বড় ভক্ত ছিলেন। তাঁরাই নাকি দিদিকে রাঘবের সঙ্গে আলাপ করতে বলেছিলেন।
আবার কাকতালীয়ভাবে সেদিন নাকি অনুষ্ঠানে রাঘব পরিণীতির ঠিক পিছনের সারিতেই বসেছিলেন। পরিণীতি এগিয়ে গিয়ে সৌজন্য বিনিময় করেন এবং দিল্লিতে দেখা করার কথা বলেন। সুযোগ হাতছাড়া করেননি রাঘবও। পরের দিনই তিনি পরিণীতিকে প্রাতঃরাশে আমন্ত্রণ জানান।
পরে মজার ছলে রাঘব জানান, প্রথম ডেটের পরই পরিণীতি নাকি তাঁকে নিয়ে ইন্টারনেটে এক প্রকার ‘তদন্ত’ শুরু করে দিয়েছিলেন। এমনকি পরিণীতি নিজেও স্বীকার করেন, তিনি গুগলে গিয়ে রাঘবের বয়স, তিনি বিবাহিত কি না, একজন সাংসদের কী কী দায়িত্ব থাকে-সবই খুঁজে দেখেছিলেন। তবে সবচেয়ে বেশি খোঁজ করেছিলেন রাঘবের উচ্চতা নিয়ে।
পরিণীতির কথায়, তিনি সবসময় লম্বা পুরুষ পছন্দ করেন। রাঘব তাঁর চেয়ে লম্বা হওয়ায় তখনই মনে হয়েছিল, তিনিই পারফেক্ট মানুষ। অভিনেত্রী আরও জানান, লন্ডনের সেই প্রাতঃরাশের আড্ডাতেই তিনি মনে মনে বুঝে গিয়েছিলেন, এই মানুষটিকেই তিনি বিয়ে করবেন। যদিও তখনও তাঁরা একে অপরকে খুব ভালোভাবে চিনতেন না। এরপর কয়েক মাস কথা বলার পর মাত্র তিন থেকে চার মাসের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন দু’জনে।
অবশেষে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন রাঘব-পরিণীতি। পরে ২০২৫ সালের অক্টোবরে তাঁদের কোল আলো করে আসে পুত্রসন্তান নীর। বর্তমানে রাঘবের বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই এই মিষ্টি প্রেমকাহিনি আবারও নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে।


