কলকাতা: মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিনের (Epstein Files) অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষ লক্ষ নথিপত্র, ই-মেইল, ছবি ও ভিডিওর ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় হয়ে গিয়েছিল সমগ্র বিশ্ব। যেখানে চাঞ্চল্যকর ভাবে উঠে আসে নরেন্দ্র মোদীর নাম। এপস্টিনের ইমেলগুলিতে দাবি করা হয়েছিল, ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ইজরায়েল সফরের পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভূমিকা ছিল।
আর এই ঘটনাতেই তোলপাড় হয়েছিল ভারত। যদিও, বিদেশ মন্ত্রকের তরফে ইমেলগুলিকে “একজন সাজাপ্রাপ্ত অপরাধীর জঘন্য চিন্তাভাবনা” বলে অভিহিত করেছিল। কিন্তু জল্পনা রয়েছেই, আর সেই সুযোগও হাতছাড়া করেনি কেন্দ্রের কোনও বিরোধী দল। এবার বঙ্গের ভোট যুদ্ধে ‘ফাইল খোলার’ কথা বলেছেন নরেন্দ্র মোদী। জনসভা থেকে তিনি বলেছিলেন, “৪ মে বিজেপি সরকার গড়ার পর তাঁদের বিরুদ্ধে হওয়া সব অন্যায়, অত্যাচারের ফাইল খোলা হবে! আমি আবারও বলছি, ফাইল খোলা হবে”।
X Link: https://x.com/AITCofficial/status/2047680175912181762
ইতিমধ্যেই শেষ হয়েছে প্রথম দফার ভোট। যাতে নজিরবিহীন ভোট দিয়েছেন ১৬ জেলার মানুষ। প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৯২ শতাংশ। যাকে স্বাভাবিকভাবেই হাওয়া নিজেদের দিকে বলে দেখছে তৃণমূল বিজেপি। তবে শুক্রবার সাংবাদিক বৈঠকে ১৫২-এর মধ্যে ১১০ আসন পাবে বিজেপি, বলেন অমিত শাহ। এরপর থেকেই আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। এবার সন্ধ্যে হতেই সমাজমাধ্যমে বিস্ফোরণ ঘটাল তৃণমূল। নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাষণের ‘ফাইল খোলার’ বক্তব্যের অংশ পোস্ট করে ‘এপস্টিন ফাইল’ (Epstein Files) প্রসঙ্গ টানল ঘাসফুল শিবির।
এক্সের পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়, “যেহেতু পুরনো ফাইল খোলার প্রসঙ্গেই কথা হচ্ছে, তাহলে আমরা এপস্টিন ফাইল (Epstein Files) দিয়েই সেই কাজ শুরু করছি না কেন? যেখানে আপনার বিরুদ্ধে একজন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধীর সাথে মেলামেশার এবং মার্কিন প্রেসিডেন্টের মনোরঞ্জনের উদ্দেশ্যে ইজরায়েলে নাচ-গান করার অভিযোগ রয়েছে?” নির্বাচনী আবহে এই খোঁচা মেরে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে চাইছে তৃণমূল, তা বলাই বাহুল্য। এখন তৃণমূলের এই খোঁচার জবাব পদ্ম শিবির দেয় কিনা, সেটাই দেখার।


