কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল (Voting Percentage) ১৬ জেলায়। এদিন ১৫২ টি কেন্দ্র মিলিয়ে সন্ধ্যে ৭ টা পর্যন্ত মোট ভোট পড়ার শতাংশ ৯১.৭৪। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নজিরবিহীন ভোটদান অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। একদিকে কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ৫০ বছরের রেকর্ড ভেঙেছে এইবারের ‘শান্তিপূর্ণ ভোট’।
সেইসঙ্গে বিকেলের দিকেই শুভেন্দু অধিকারী বলে দেন, ১৫২ টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে ১২৫ আসন পাকা। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবী, এসআইআরে নাম বাদ যাওয়ার ‘বদলা’ নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। তাঁর লড়াইয়ের জন্যই আজ এই নজিরবিহীন ভোটদান (Voting Percentage)। তবে সবচেয়ে বড় ইঙ্গিত এটাই যে ২০১১-র রেকর্ড ভেঙে দিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটদানের হার।
২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই ১৫২ টি আসনে ২০১১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ (Voting Percentage)। যদিও ২০২১-এর বিধানসভা ভোটে বিজেপির জেতা ৭৭ টি আসনের মধ্যে বড় অবদান রেখেছিল উত্তরবঙ্গ। গেরুয়া শিবিরের সুপ্রিমো থেকে রাজ্যের প্রায় সব হেভিওয়েট নেতাই উত্তরবঙ্গকে ‘বিজেপির গড়’ বলে মনে করেন।
তবে রেকর্ড ভাঙা ভোটদানের হার থেকে জল্পনা উঠতেও শুরু করেছে। তাহলে কি হাওয়া ঘাসফুলের দিকেই বইছে? প্রসঙ্গত, এখনও ১৪২ টি আসনে ভোটগ্রহণ বাকি। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় এই আসনগুলিতে ভোটগ্রহণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রথম দফার উপর ফলাফল অনেকটাই নির্ভর করে। এখন দ্বিতীয় দফায় কি পরিমাণ ভোটদান (Voting Percentage) হয়, সকলের নজর সেদিকেই।


