33 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ভোটার তালিকা থেকে নাম উধাও! ছলছল চোখে বুথের বাইরে অপেক্ষায় ৩০০ মানুষ

Aaj India Desk, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ (Murshidabad)-এর সামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে ভোটের দিন ধরা পড়ল এক হৃদয়বিদারক ছবি। বুথের বাইরে নির্বাচন কমিশন (ECI)-এর টেনে দেওয়া লক্ষ্মণরেখার ওপারে দাঁড়িয়ে ছিলেন প্রায় ৩০০ মানুষ। সবার হাতেই ভোটার কার্ড, তারপরেও ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হলেন তাঁরা। অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে। তাই বুথে এসেও ভোট দিতে পারলেন না কেউই। অসহায় চোখে শুধু দেখলেন, অন্যরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, আর তাঁদের ফিরতে হচ্ছে খালি হাতে।

বুথের সামনে দাঁড়িয়ে থাকা অনেকের চোখেই জল। কারও বয়স ৮০, কারও আবার মাত্র ৩০। বৃদ্ধ থেকে যুবক-সব বয়সের মানুষই এদিন একই অভিজ্ঞতার মুখোমুখি হলেন। ভোটার কার্ড হাতে নিয়েও নিজের ভোট দিতে না পারার কষ্ট যেন মুখে স্পষ্ট ফুটে উঠছিল। স্থানীয়দের দাবি, ৬১ নম্বর বুথে মোট ভোটার ছিলেন ৮৮২ জন। তার মধ্যে ৩১৭ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে।‌ ক্ষুব্ধ গ্রামবাসীরা বলেন, “কোনও দলের কোনও প্রার্থী আমাদের পাশে দাঁড়ায়নি। কেউ আমাদের গ্রামে প্রচার করতেও আসেনি।”

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ভোট শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর-একাধিক জেলায় ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ ও নির্বাচন কমিশনের নজরদারিতে ভোটপর্ব সম্পন্ন করা হচ্ছে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইভিএম বিভ্রাট, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, বিক্ষোভ ও উত্তেজনার ছবিও সামনে এসেছে।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন