কলকাতা: রাত পোহালেই প্রথম দফার ভোট। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবারেই নির্দেশিকা জারি করে বাইকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের ৪৮ ঘন্টা আগে থেকে সকাল ৬ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত বাইক চলাচলে রাশ টানা হয়েছিল। জা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন ডেলিভারি কর্মী বা গিগ ওয়ার্কাররা (Gig Workers)। জরুরী পরিষেবা, বাচ্চাদের স্কুলে দেওয়া-নেওয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর না হলেও বিভিন্ন অনলাইন ডেলিভারি পরিষেবা বন্ধ হয়ে যাবে কিনা, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা ছিল না। সমাজমাধ্যমেও এই নিয়ে ঝড় ওঠে।
সবার মনেই প্রশ্ন, গিগ কর্মীদের (Gig Workers) পরিষেবা কি চালু থাকবে? এই আবহেই বুধবার একটি নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, গিগ পরিষেবা সহ অন্যান্য অ্যাপ-ভিত্তিক পরিষেবা যেমন, ই-কমার্স সার্ভিস, ফুড ডেলিভারি সার্ভিস চালু থাকছে।
নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশিকায় জানানো হয়েছে কিছু জরুরি ভিত্তিক পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ই-কমার্স সহ বাইক ক্যাব। ফলে যাতায়াত করতেও অসুবিধা হওয়ার কথা নয়। প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচন কমিশনের (Election Commission) জারি করা নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ফলে চিন্তায় পড়ে যান গিগ কর্মী (Gig Workers) এবং পরিষেবা গ্রহণকারী দু পক্ষই। আজকের এই নির্দেশিকায় তাদের মুখে হাসি ফুটল। গিগ কর্মীদের বাইরেও নিত্য অফিসযাত্রীদের ছাড় দেওয়া হয়েছে। এর বাইরে কারুর প্রয়োজন হলে তাঁরা পুলিশের থেকে অনুমতি নিতে পারেন।


