কলকাতা: ভোটের মুখে রাসবিহারী কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়ি সহ ৫ জায়গায় আয়কর দফতরের তল্লাশি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল। শুক্রবার ম্যারাথন তল্লাশি চলাকালীনই দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়ি ও কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল।
জানা গিয়েছে, এই তল্লাশি অভিযানকে ‘অবৈধ’ বলে দাবী করেছে রাজ্যের শাসকদল। সেইসঙ্গে আয়কর দফতরের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ তুলেছে তারা। তৃণমূলের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আদর্শ আচরণবিধি কার্যকর থাকার সময় কোনও জনপ্রতিনিধিকে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে সুবিধা বা অসুবিধার মুখে ফেলা আইনবিরোধী। এই তল্লাশি অভিযান ও নির্বাচন প্রার্থীকে ‘আটকে রাখা হেনস্থার সমান’ বলে দাবী করেছে তৃণমূল। এই কারণ দর্শীয়ে আয়কর দফতরে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে রাজ্যের শাসকদল।
কি বলেছিলেন দেবাশিস কুমার?
প্রসঙ্গত, শুক্রবার দেবাশিস কুমারের (Debashis Kumar) বাড়ি সহ মত ৫ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কিন্তু এই ম্যারাথন অভিযান শেষে তিনি বললেন, “এই অভিযানের জন্য আমার প্রচার কিছুটা ব্যহত হল ঠিক। তবে আমি মনে করি আমার এটাতে একটা সুবিধা হল, আমার মার্জিনটা বাড়ল বলে আমার মনে হচ্ছে। তাঁর (Debashis Kumar) সংযোজন ছিল, “কি কি খুঁজে পেল তার ডকুমেন্ট দিতে হবে ওদের। তার কাউন্টার আমি নিশ্চয়ই দেব। দু-চারদিন আমাকে আটকে দেওয়া যেতে পারে। কিন্তু আমি মানুষের সঙ্গে ৩৬৫x৫ ছিলাম। কাজেই আমাকে আটকে ভোটের রাজনীতিতে অন্তত কিছু করা যাবে না”।


