Aaj India Desk,কলকাতা: আসন্ন সপ্তাহে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে বড়সড় আপডেট সামনে এসেছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। একটানা দু’দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক ফলে টাকা তোলা, জমা, চেক ক্লিয়ারেন্স বা অন্যান্য জরুরি কাজ নিয়ে বাড়তে পারে ভোগান্তি।
সূত্র অনুযায়ী, ১৪ এপ্রিল মঙ্গলবার ড. বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনটি জাতীয় ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কই পরিষেবা বন্ধ রাখবে। এর পরের দিন, ১৫ এপ্রিল বুধবার ‘পয়লা বৈশাখ’ উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ, রাজ্যের গ্রাহকদের জন্য টানা দুদিন ব্যাঙ্কিং পরিষেবা কার্যত বন্ধ।
এই পরিস্থিতিতে শুধু ব্যাঙ্ক নয়, আর্থিক বাজারেও প্রভাব পড়বে। ১৪ এপ্রিল বন্ধ থাকবে দেশের দুই প্রধান শেয়ার বাজার BSE (Bombay Stock Exchange) এবং NSE (National Stock Exchange)। ফলে ওই দিন কোনও ধরনের ট্রেডিং বা বিনিয়োগ সংক্রান্ত কাজ করা সম্ভব হবে না। ১৫ এপ্রিল যদিও জাতীয় স্তরে বাজার খোলা থাকতে পারে, তবে রাজ্যভিত্তিক ছুটির কারণে অনেক পরিষেবা সীমিত থাকতে পারে।
সবচেয়ে বড় সমস্যা হতে পারে তাঁদের জন্য, যাঁদের জরুরি ভিত্তিতে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ রয়েছে। বিশেষ করে ব্যবসায়ী, ছোট উদ্যোগপতি বা দৈনিক লেনদেনের উপর নির্ভরশীল মানুষদের ক্ষেত্রে এই ছুটি কিছুটা অসুবিধা তৈরি করতে পারে। চেক ক্লিয়ারেন্স, RTGS/NEFT-এর মতো পরিষেবাতেও বিলম্ব হতে পারে। তবে পুরোপুরি থমকে যাবে না ব্যাঙ্কিং পরিষেবা। গ্রাহকদের জন্য খোলা থাকবে এটিএম পরিষেবা, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং UPI-এর মতো ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ফলে অনলাইন লেনদেন বা জরুরি টাকা তোলার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের টানা ছুটির আগে আগাম পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় নগদ তুলে রাখা, গুরুত্বপূর্ণ লেনদেন আগে থেকেই সেরে ফেলা এই কয়েকটি পদক্ষেপ নিলেই অনেক ঝামেলা এড়ানো সম্ভব।তাই শেষ মুহূর্তের ঝুঁকি না নিয়ে এখনই সেরে ফেলুন আপনার জরুরি ব্যাঙ্কিং কাজ। না হলে টানা ছুটিতে পড়তে পারেন বড় সমস্যায়!


