কলকাতা: ভোটের সময় বাংলায় ১৫ দিনের জন্য ঘাঁটি গাড়তে চলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সম্প্রতি কলকাতায় বিরাট জনসভা, রোড শো করে গেছেন তিনি। এবার ভোটের আগে ফের বঙ্গে নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার দুপুর ৩ টে ১০ মিনিটে উত্তরবঙ্গের হাসিমারা এয়ারবেসে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যাবেন কোচবিহার। সড়কপথে রাসমেলা ময়দানে পোঁছে জনসভা করবেন তিনি। অন্যদিকে এদিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ, সামশেরগঞ্জে একাধিক কর্মসূচীর কথা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বহরমপুরে রোড শো-ও করবেন তিনি।
নিজেদের শক্ত ঘাঁটিতে শক্তি প্রদর্শন
প্রসঙ্গত, ২০২৬-এর বিধানসভা ভোটে মমতা-দুর্গ ভাঙতে উত্তরবঙ্গ একাই যথেষ্ট বলেছিলেন মোদী (Narendra Modi), শাহ। ২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ বিভিন্ন জেলায় ভালো ফল করেছিল বিজেপি। তাঁদের মত যেটা ৭৭ আসনের বেশ বড় অংশ ছিল এই উত্তরবঙ্গের। সেই কারণেই উত্তরবঙ্গকেই কার্যত নিজেদের ঘাঁটি বলে মনে করে পদ্ম শিবির। ছাব্বিশের ভোটেও উত্তরবঙ্গের মানুষ তাঁদের নিরাশ করবেন না বলে আত্মবিশ্বাসী বিজেপি। এখন প্রশ্ন উঠছে তাহলে কি, নিজেদের আত্মবিশ্বাস বাড়াতেই শক্ত ঘাঁটি থেকে প্রচারের ময়দানে নামছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)?
অন্যদিকে, ২০২১-এর বিধানসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত, সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদের ২২ টির মধ্যে ২০ টি আসনেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। তাই মুর্শিদাবাদ নিয়ে এবারও আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, ২০২৫-এর এপ্রিলে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুতি ও সামশেরগঞ্জ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের নৃশংস হত্যাকাণ্ড, প্রায় শতাধিক মানুষ ঘরছাড়া হন।
সেই সামশেরগঞ্জে ভোটের আগে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামশেরগঞ্জের ঘটনা নিয়ে একাধিকবার সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এখন ভোটের আগে সেখানে গিয়ে কি ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নজরে মোদী-মমতা উভয়েরই ‘রবিবারের মেগা কর্মসূচী’।


