Aaj India Desk, মুর্শিদাবাদ : আজকেই রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে। দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই গেরুয়া ঝড়ের আবহেই ‘গেরুয়া বসনধারী’ নাম ধরে ব্যঙ্গ করে পোস্ট লিখেছেন মুর্শিদাবাদেরই অধিবাসী এবং জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। নিজের সমাজমাধ্যমের পাতায় গেরুয়া রং ও তার জয়গান নিয়ে বেশ কয়েকটি ইঙ্গিতপূর্ণ পঙ্ক্তি লেখেন তিনি। বিজেপির জয় পাওয়ার সঙ্গে সঙ্গে এমন পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা।
কী লিখেছেন অরিজিৎ?
সমাজমাধ্যমে অরিজিৎ সিং (Arijit Singh) লেখেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কী পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয় গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ।’ তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে কাকে বা কোন বিষয়কে ইঙ্গিত করা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও পোস্টে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি গায়ক।
রাজনীতি থেকে দূরে থেকেও মতপ্রকাশে সরব
অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলেছেন। নির্বাচনের আগে তাঁকে বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে দেখা যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। সেই জল্পনাতেও জল ঢেলে দিয়েছিলেন তিনি। তবে ব্যক্তিগত জীবন ও সংগীতচর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক বিষয়ে সমাজমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন তিনি। এর আগেও আরজি কর-কাণ্ডের প্রতিবাদের আবহে তাঁর ‘আর কবে’ গানটি বিশেষভাবে আলোচিত হয়েছিল। নিট প্রশ্নফাঁসের অভিযোগ এবং ছাত্র আন্দোলন নিয়েও তাঁর সমাজমাধ্যমের বক্তব্য নজর কেড়েছিল। একটি পোস্টে দলীয় রাজনীতি নিয়ে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, ‘আমি তো সাধারণ কথা বকতেছিলাম। দলবাজরা এমন ক্ষেপে যায় ক্যানে (কেন)?’ তাঁর এই ধরনের বক্তব্য ঘিরে আগেও বিতর্ক তৈরি হয়েছে।
এবারের পোস্টেও সরাসরি কারও নাম না থাকায় অরিজিতের বক্তব্যের নির্দিষ্ট অর্থ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বিজেপির জয়ের পরই গেরুয়া রংকে কেন্দ্র করে লেখা এই পঙ্ক্তি রাজনৈতিক ইঙ্গিত বহন করছে বলেই মত রাজনৈতিক মহলের।


