কলকাতা: কালিয়াচকের ঘটনার পর মমতার (Mamata Banerjee) মুখে ফের ‘বহিরাগত’ প্রসঙ্গ। বুধবার মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের আটক করে রাখা, বিক্ষোভ, হিংসার ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে আগেই দাবী করেছে তৃণমূল। কমিশন। সুপ্রিম কোর্টের বকুনির পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করলেন, ভিনরাজ্য থেকে লোক এনে ভোটের রাজ্যে রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে।
শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বাসে করে গুজরাট থেকে আউটসাইডারদের আনা হচ্ছে”। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ক্ষেপিয়ে তুলে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, বলেও দাবী করেন তিনি। কালিয়াচক কান্ডে শুক্রবার সকালেই পলায়নের সময় বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার হন মূলচক্রী মোফাক্কেরুল ইসলাম। ঘটনায় মত ১৯ টি মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩৫ জন।
সিআইডি-কে কৃতিত্ব
উল্লেখ্য, কালিয়াচকের ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনআইএ-এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। শুক্রবারই মালদার মোথাবাড়িতে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল। অন্যদিকে মোফাক্কেরুলের গ্রেফতারির কৃতিত্ব সিআইডি-কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । হরিরামপুরের জনসভা থেকে মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনীর আগে রাজ্যের গোয়েন্দা সংস্থা অভিযুক্তকে গ্রেফতার করেছে।
“গ্রেফতার হল মিমের নেতা”
শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখানেই তিনি মালদহের অশান্তি প্রসঙ্গে বলেন, ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তকে সিআইডি গ্রেফতার করেছে এবং তিনি পালানোর চেষ্টা করছিলেন। মমতার অভিযোগ, বহিরাগতদের ঢুকিয়ে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো হয়েছিল, গ্রেফতার হওয়া ব্যক্তি মিমের সঙ্গে যুক্ত।
ভোটের আগে সতর্ক থাকার বার্তা দিয়ে তিনি জনতার উদ্দেশে বলেন, বাইরে থেকে যেন কেউ ঢুকতে না পারে এবং বেআইনি টাকা বা অস্ত্র প্রবেশ রুখতে নজর রাখতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন ও প্রশাসন নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, পরিস্থিতি সাময়িক, ভোটের পর সব ঠিক হয়ে যাবে, ততদিন মানুষের সহযোগিতা চান তিনি।


