Aaj India Desk, কলকাতা: টেক্সট মেসেজ হোক, ভয়েস বা ভিডিও কল -ছবি, ভিডিও, ডকুমেন্ট শেয়ার থেকে শুরু করে গ্রুপ চ্যাট কিংবা ভয়েস মেসেজ, দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ (WhatsApp)এখন প্রায় অপরিহার্য। আর এবার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মেই আসতে চলেছে বড়সড় পরিবর্তন। মেটা ইউজারদের গোপনীয়তাকে আরও শক্তিশালী করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে।
নতুন এই ফিচারের মাধ্যমে মেসেজ পড়ার পর খুব অল্প সময়ের মধ্যেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে ‘আফটার রিডিং’ (After Reading)। এর বিশেষত্ব হল -রিসিভার মেসেজটি পড়ার সঙ্গে সঙ্গেই সেটি ডিলিট হয়ে যাওয়ার অপশন পাওয়া যাবে। অর্থাৎ, বর্তমানের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচারের (যেখানে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিনের মধ্যে মেসেজ নিজে থেকেই মুছে যায়) থেকে এটি সম্পূর্ণ আলাদা।
নতুন আপডেটের ফলে ইউজাররা ওটিপি ( OTP) বা ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল ডেটা আরও নিরাপদভাবে শেয়ার করতে পারবেন, কারণ রিসিভার একবার দেখলেই মেসেজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। জানা যাচ্ছে, মেসেজটি পড়ার পর সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে সেটি অটো-ডিলিট হয়ে যাবে। আর যদি কেউ মেসেজটি না-ও পড়েন, তাহলে সেটি ২৪ ঘণ্টার মধ্যেই নিজে থেকে মুছে যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল – রিড রেসিপ্টস (Read Receipts) বা ব্লু টিক বন্ধ থাকলেও এই ফিচার কাজ করবে। অর্থাৎ, মেসেজ পড়া হয়েছে কি না, সেই সেটিংস যাই থাকুক না কেন, নির্দিষ্ট সময় পার হলেই মেসেজ আর দেখা যাবে না।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ান্স (View Once) ফিচারটি শুধু ছবি ও ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। তবে নতুন আপডেটে এই সুবিধা টেক্সট মেসেজের ক্ষেত্রেও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে ইতিমধ্যেই কিছু ইউজার এই ফিচারের ঝলক পেয়েছেন। তবে এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই এখনই সকলের জন্য চালু করা হচ্ছে না।
হোয়াটসঅ্যাপ এখনও এই ফিচারের কোনও নির্দিষ্ট লঞ্চ ডেট ঘোষণা করেনি। পুরোপুরি রিলিজ হতে আরও কয়েক সপ্তাহ বা কয়েক মাস সময় লাগতে পারে। বর্তমানে বিভিন্ন ত্রুটি সংশোধনের কাজ চলছে। ফিচারটি চালু হলে শুধু ওয়ান-অন-ওয়ান চ্যাট নয়, অন্যান্য সব ধরনের কথোপকথনেও এটি ব্যবহার করা যাবে। ফলে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ চ্যাট আরও অস্থায়ী হয়ে উঠবে -স্থায়ী সংরক্ষণের বদলে তা হবে ক্ষণস্থায়ী। তবে সতর্কতাও রয়েছে। এই ফিচার থাকলেও কেউ চাইলে মেসেজের স্ক্রিনশট নিতে বা কপি-পেস্ট করতে পারবেন। তাই সংবেদনশীল তথ্য শেয়ার করার সময় ইউজারদের সতর্ক থাকা জরুরি। অটো-ডিলিট মেসেজ ফিচার হোয়াটসঅ্যাপকে আরও প্রাইভেসি-কেন্দ্রিক করে তুলবে ঠিকই, তবে সেটি পুরোপুরি চালু হতে এখনও কিছুটা সময় লাগবে।


