Aaj lndia Desk,বীরভূম: অবাধ ও ভয়হীন ভোটের বার্তা দিতে রাজ্যে নজিরবিহীন সংখ্যায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী(Central Forces)। দুই দফার বিধানসভা নির্বাচন (Assembly Election)এর প্রতিটি পর্বেই প্রায় ২ হাজার কেন্দ্র বাহিনী (Central Forces) নামানোর সিদ্ধান্ত যা নিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে জেলায় জেলায়।কিন্তু সেই প্রস্তুতির মাঝেই সামনে এল এক বিতর্কিত ছবি। বীরভূমের সিউড়িতে একটি তৃণমূল পার্টি অফিসের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকে ক্যারাম খেলতে দেখা গিয়েছে এমনইএকটি ভিডিও ছড়িয়েছে (যার সত্যতা যাচাই করা হয়নি)।
ভিডিয়োটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক প্রশ্ন নির্বাচনের আগে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার বার্তার মাঝেই কি এই ধরনের ছবি বিভ্রান্তি তৈরি করছে? নাকি পুরো ঘটনাটির অন্য কোনও প্রেক্ষাপট রয়েছে? বিতর্ক আপাতত সেখানেই ঘনীভূত হচ্ছে ।
সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওতে দেখা যাচ্ছে, সিউড়ির জেলা তৃণমূল কার্যালয়ের ভেতরে বসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান যা নিয়েই উঠছে প্রশ্নের ঝড়।
ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপির সিউড়ি বিধানসভার প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,”এটা অত্যন্ত হতাশাজনক ও নিন্দনীয়। কেন্দ্রীয় বাহিনী (Central Forces)-র মূল দায়িত্ব যেখানে আতঙ্কগ্রস্ত ভোটারদের নিরাপত্তা দেওয়া, সেখানে তাঁদের এই ভূমিকা দেখা যাচ্ছে না। বরং শাসকদলের পার্টি অফিসের ভিতরে তাঁদের এমনভাবে দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।” তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে বিজেপি, যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।
তবে একটি ক্যারাম খেলাকে কেন্দ্র করে হঠাৎই রাজ্য রাজনীতির তাপমাত্রা চড়ছে এ নিয়েও মতভেদ স্পষ্ট। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এটা নিছকই ‘সময় কাটানোর’ মুহূর্তকে বড় করে দেখানো হচ্ছে, অযথা জটিলতা তৈরি করা হচ্ছে।অন্যদিকে আবার কেউ কেউ এটিকে কৌশল বলেও দেখছেন শাসকদলের ঘনিষ্ঠতায় থাকার ইঙ্গিত, কিংবা প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার মতো একটি ‘সিগন্যাল’।
ফলে, একদিকে যেখানে কেউ বলছেন “এতে এত কিছু দেখার নেই” অন্যদিকে সেখানেই আরেক দল খুঁজে পাচ্ছেন গভীর রাজনৈতিক ইঙ্গিত। বিতর্ক তাই শুধু ক্যারাম বোর্ডে আটকে নেই, ছড়িয়ে পড়ছে বৃহত্তর নির্বাচনী প্রেক্ষাপটে।


