Aaj India, হাওড়া: দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান অবশেষে সামনে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রিষড়া (Rishra) রেল আন্ডারপাসের নির্মাণকাজ। এই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যেই শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত হাওড়া (Howrah) মেইন লাইনে বড়সড় পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল(Eastern Railway)। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ওই সময়ের মধ্যে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
কেন এই পাওয়ার ব্লক? রিষড়া স্টেশনের সংলগ্ন লেভেল ক্রসিং গেটটি দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের কাছে ভোগান্তির কারণ। গেট নামলেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, দুর্ভোগে পড়েন শহরবাসী।
২০০৯ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই আন্ডারপাস নির্মাণের ঘোষণা করেছিলেন। দীর্ঘ বিলম্বের পর গত কয়েক বছরে কাজ শুরু হলেও তার অগ্রগতি ছিল ধীরগতির। তবে এখন কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। রেল সূত্রের খবর, ২০২৬ সালের মধ্যে এই আন্ডারপাস উপহার পেতে চলেছে। শনিবার রাতে গার্ডার বসানোর গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে।
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়সীমায় বিভিন্ন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। যাত্রীদের সতর্ক করতে প্রতিটি স্টেশনে নিয়মিত মাইকিং করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কিছু সময়ের জন্য ট্রেনের সংখ্যা কম থাকতে পারে। ফলে ছুটির দিনের সকালেও যাত্রীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। রিষড়া পুরসভা ও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সাময়িক অসুবিধা মেনে নিলে ভবিষ্যতে রেলগেটের দীর্ঘ যানজট থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন শহরবাসী।


