Aaj India Desk, কলকাতা: ভোটের আগে সিভিক ভলান্টিয়ার(Civic Volunteer)দের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। অ্যাড-হক বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন যেখানে বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা, এবার তা বেড়ে দাঁড়াল ৭,৪০০ টাকা—অর্থাৎ ৬০০ টাকা বৃদ্ধি।
নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু কলকাতা(Kolkata)পুলিশ নয়, রাজ্য পুলিশের অধীনে কর্মরত সমস্ত সিভিক ভলান্টিয়াররাও এই বর্ধিত বোনাসের সুবিধা পাবেন। রাজ্য জুড়ে কয়েক হাজার সিভিক ভলান্টিয়ার(Civic Volunteer) রয়েছেন, যারা শহর থেকে জেলা – সব জায়গাতেই ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন বোনাস কাঠামো কার্যকর করতে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা(Kolkata)পুলিশের কমিশনারের কাছে। পুরো বিষয়টি তাঁদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেছে।
উল্লেখযোগ্যভাবে, এর আগে রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা ১,০০০ টাকা বাড়ানো হয়েছিল। শুধু তাই নয়, কর্মরত অবস্থায় কোন সিভিক পুলিশের মৃত্যু হলে, তার পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য, এর আগেও টাকার অংকটা ছিল ৩ লক্ষ। পাশাপাশি, কর্তসিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস ঘিরে একসময় বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররা যেখানে ৫ হাজার টাকার বেশি বোনাস পাচ্ছেন, সেখানে রাজ্য পুলিশের অধীন কর্মীরা পাচ্ছেন মাত্র ২ হাজার টাকা। তাঁর দাবি ছিল, প্রশাসনের নজর মূলত কলকাতাকেন্দ্রিক হওয়ায় জেলাগুলি বঞ্চিত হচ্ছে।
এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হলে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জবাব দেন। তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ইচ্ছাকৃতভাবে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের কর্মীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বৈষম্যের কোনও প্রশ্ন নেই। পুজোর সময়ে কলকাতা পুলিশের মতোই রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়াররাও ৫,৩০০ টাকা বোনাস পাবেন। ফলে বোনাস নিয়ে তৈরি হওয়া বিতর্কে কার্যত ইতি টানতে চায় রাজ্য সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


