কলকাতা: ছাব্বিশের ভোট-ময়দানে নামছেন না সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের ভোটে লড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় ছাড় পেয়েছিলেন কেবল মীনাক্ষী ও দেবলীনা। তবে দলের প্রথম সারির বর্ষীয়ান নেতা মহম্মদ সেলিমের প্রতিদ্বন্দ্বিতা না করার নেপথ্যে অন্য কারণ দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বলা বাহুল্য, হুমায়ুন কবিরের সঙ্গে সেলিমের নিউ টাউনের পাঁচতারা হোটেলে ‘গোপন’ বৈঠক ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা হয়। এমনকি বামফ্রন্টের অন্দরেও প্রশ্নের সম্মুখীন হন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। সূত্রের খবর, হুমায়ুন কবিরের সঙ্গে রানিনগর আসন নিয়েই ‘গোপন’ বৈঠক করেছিলেন মহম্মদ সেলিম। একে বর্ষীয়ান বামপন্থী নেতা। তার উপর সংখ্যালঘু। রানিনগরে প্রেস্টিজ ফাইটে নামতে চেয়েছিলেন মহম্মদ সেলিম।
তবে বামফ্রন্ট ঘনিষ্ঠ সূত্রে খবর, মহম্মদ সেলিমের দাবী খারিজ করে দেয় দল। মুর্শিদাবাদের রানিনগরকে ‘সেফ সিট’ মনে করেছিলেন মহম্মদ সেলিম। কোনভাবেই তিনি এবারের ভোটে হারতে চাননি। সেইকারণেই হুমায়ুনের সঙ্গে বৈঠক করেছিলেন সেলিম (Md Salim)। শুধু তাই নয়, হুমায়ুন কবির খোলাখুলি জানিয়েছিলেন, সিপিএম নয়, জোট হলে মহম্মদ সেলিমের সঙ্গে ‘একক জোট’ করবেন তিনি। তবে, সেই ক্ষেত্রে সেলিমের কাছে বাধা হয়ে দাঁড়ালো বাম শিবির, বলে সূত্রের খবর। রানিনগরে জামাল হোসেনকে প্রার্থী করল সিপিএম।
ময়দানে নামছেন না সুজন চক্রবর্তীও
প্রসঙ্গত, সোমবার প্রথম দফায় ১৯২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল আলিমুদ্দিন। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করে বামফ্রন্ট। মহম্মদ সেলিমের (Md Salim) পাশাপাশি ভোটের ময়দানে নামছেন না সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। টালিগঞ্জে সুজন চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে দলের একাংশ সহমত ছিল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সুজন চক্রবর্তীকে নাকি লড়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু মহম্মদ সেলিমের পাশাপাশি তিনিও ছাব্বিশের ময়দানে নামছেন না। তাঁর পরিবর্তে টালিগঞ্জে লড়বেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পার্থপ্রতিম বিশ্বাস।
উল্লেখ্য, এই নিয়ে বামফ্রন্ট দু’দফায় ২৩৪টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে সিপিআইএমএল (লিবারেশন) ১০টি আসনে প্রার্থী দিয়েছে। ইদের পরে আইএসএফ আরও ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করবে। বাকি অন্তত ২০টি আসনে ফ্রন্ট ও আইএসএফের মধ্যে সমন্বয়বদ্ধ সিদ্ধান্ত বাকি রয়েছে।


