কলকাতা: ২৪ ঘন্টার মধ্যে ফের রাজ্যের একাধিক আদালতে বিস্ফোরণের হুমকি (Bomb threat)! তড়িঘড়ি স্নিফার ডগ, বম্ব স্কোয়াড পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। আদালতের কাজকর্ম সব এলমেলো হয়ে যায়। আতঙ্কে আদালত ছাড়তে শুরু করেন অনেকে।
জানা গিয়েছে, বুধবার সকালে বোমা বিস্ফোরণে (Bomb threat) আসানসোলের জেলা ও দায়রা আদালত উড়িয়ে দেওয়া হবে মেল আসে। পশ্চিম বর্ধমানের জেলা বিচারক মেলটি পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন আসানসোল-দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার ধ্রুব দাস।
আসানসোলের পাশাপাশি বীরভূমের সিউড়ি জেলা আদালতের একই হুমকি (Bomb threat) মেল আসে। জেলা বিচারকের কাছে হুমকি মেল আসে। তড়িঘড়ি ফাঁকা হয়ে যায় এজলাস। আতঙ্কে আদালত চত্বর ছাড়তে হুড়োহুড়ি পড়ে যায়। স্নিফার ডগ ও বম্ব স্কোয়াড পৌঁছে দুপুর প্রায় দেড়টা পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু দুটি আদালতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
গতকাল আশ্বস্ত করেছিল নবান্ন
মঙ্গলবার আচমকা কলকাতার সিটি সিভিল কোর্ট সহ একাধিক জেলা আদালতে বোমা বিস্ফোরণের হুমকি (Bomb threat) আসে। বেশ কয়েকটি জেলার বিচারকরা আতঙ্কিত হয়ে চিঠি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। তৎক্ষণাৎ স্নিফার ডগ ও বোমা নিষ্ক্রিয়কারী দল দিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। তবে দুই ক্ষেত্রেই সন্দেহজনক কিছু মেলেনি।
ঘটনার পর সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার। ওই মেল (Bomb threat) সম্পূর্ণ ভুয়ো ছিল বলে স্পষ্ট জানান মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার।
রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে বলেছিলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। তারপরও কেন এসআইআর আবহে আদালতে ফের বোমা বিস্ফোরণের হুমকি? উঠছে প্রশ্ন।


