Aaj India Desk, কলকাতা : সূর্যকুমার যাদব কতগুলো চার মারবেন? পাওয়ার প্লেতে ভারতের রান কত উঠবে? ম্যাচের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে এমনই প্রশ্নে জমে উঠছিল টাকার খেলা। মিনিটে মিনিটে বদলাচ্ছিল অঙ্ক, বাড়ছিল লেনদেন। শেষ পর্যন্ত সেই খেলায় বাউন্সার দিল কলকাতা পুলিশ।
T20 বিশ্বকাপ চলাকালীন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে কলকাতায় সক্রিয় একটি ক্রিকেট বেটিং (Cricket Betting) চক্রের হদিশ পায় কলকাতা পুলিশ। মধ্য কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে ‘কাগজের ব্যবসা’র আড়ালে ডিজিটাল জুয়ার আসর বসানোর অভিযোগে মূল অভিযুক্ত প্রতীক পিঞ্চাকে গ্রেফতার করে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ARS।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচ চলাকালীন গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই সময়ই ধরা পড়ে এই ক্রিকেট বেটিং চক্র (Cricket Betting)। ম্যাচ চলাকালীন বিভিন্ন বল, ওভার ও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তাৎক্ষণিক প্রশ্ন তুলে লাখ লাখ টাকার বাজি ধরা হচ্ছিল বলে অভিযোগ।
গত চার বছর ধরে হাওড়ায় থাকা অভিযুক্ত প্রতীক পিঞ্চা আসলে রাজস্থানের বিকানেরের বাসিন্দা। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত মোবাইল ও অন্যান্য ডিভাইসে ডিজিটাল বেটিং অ্যাপ ব্যবহার করে একটি সক্রিয় ক্রিকেট জুয়া (Cricket Betting) সিন্ডিকেট চালাচ্ছিল।
প্রাথমিক তল্লাশিতে অফিস থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও শহরের একটি নামী হোটেলের ঘরের চাবি মিলেছে। ওই হোটেলের সঙ্গে এই বেটিং চক্রের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হেয়ার স্ট্রিট থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। আদালত অভিযুক্তকে ২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং লেনদেনের পরিমাণ কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।


