Aaj India Desk, কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গের SIR নিয়ে গুরুত্বপূর্ন রায় দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, নির্ধারিত পদ্ধতিতে ইতিমধ্যে যে নামগুলি যাচাই হয়েছে, তার ভিত্তিতেই ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি আদালত স্পষ্ট করে, প্রথম পর্যায়ের তালিকা প্রকাশের পর প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম সংযোজনের সুযোগ থাকবে।
শুক্রবারের শুনানিতে আদালত জানায়, ইতিমধ্যে সম্পন্ন প্রক্রিয়া বন্ধ করা যাবে না। নির্বাচন প্রক্রিয়া প্রথম পর্যায়ের তালিকা ধরেই এগোবে। তবে সংশোধন বা সংযোজনের পথ খোলা থাকবে পরবর্তী ধাপে।
বিচারিক তত্ত্বাবধানে যাচাই
তথ্যগত অসঙ্গতি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। আদালত নির্দেশ দিয়েছে, এই অসঙ্গতিগুলির যাচাই করবেন কলকাতা হাই কোর্টের নিযুক্ত আধিকারিকরা। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাতে বলা হয়েছে, যাতে প্রতিটি জেলায় কর্মরত বিচারিক আধিকারিক ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করা হয়।
প্রশাসনিক বৈঠক
SIR ঘিরে অচলাবস্থা কাটাতে প্রশাসনিক স্তরেও উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেখানে কমিশনের প্রতিনিধি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটার জেনারেল ও বিধানসভার স্পিকার উপস্থিত থাকবেন। দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার উপায় নিয়ে আলোচনা হবে।
শুনানিতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আদালত আরও জানায়, SIR প্রক্রিয়া সম্পূর্ণ না হলে নির্বাচনী প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। কমিশন ও রাজ্য , উভয় পক্ষকেই বিষয়টির গুরুত্ব বুঝতে হবে।


