Aaj India Desk, কলকাতা : কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)কে ঘিরে বিতর্ক যেন থামছেই না। শনিবার সাতসকালেই উত্তপ্ত ক্যাম্পাস। আন্দোলনরত পড়ুয়াদের বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছাত্রীদের হেনস্থা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পড়ুয়াদের। এমনকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ধর্না মঞ্চ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমাজ মাধ্যমে সরব পড়ুয়ারা।
শনিবার সকাল ৬টা নাগাদ মুখ কাপড়ে ঢাকা অবস্থায় তিনশোরও বেশি পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁদের উপস্থিতিতে আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ ভেঙে সরিয়ে দেওয়া হয়। মঞ্চে থাকা আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী দু’টি ছোট পিকআপ ভ্যানে চাপিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। ধর্নামঞ্চ সরানোর প্রতিবাদ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একাধিক ছাত্রছাত্রীকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়ার পাশাপাশি ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে কয়েকজন পড়ুয়া মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছিলেন। তাঁদের ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
পড়ুয়াদের দাবি, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলেন। হস্টেল থেকে বেরিয়ে মূল গেটের দিকে যাওয়া কিংবা ক্যাম্পাসের বাইরে যেতে বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। এমনকী, ক্যাম্পাসের ভিতরেও নিজেদের মধ্যে যোগাযোগ করতে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আন্দোলন এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের জেরে অস্থিরতা তৈরি হয়েছে SRFTI-তে। পরিস্থিতির কারণে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই আবহেই শনিবার ভোরের এই পুলিশি অভিযান নতুন করে উত্তেজনা বাড়াল। পড়ুয়াদের তোলা বলপ্রয়োগ ও হেনস্থার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে ক্যাম্পাসের পরিস্থিতি এবং আন্দোলন সামলানোর পদ্ধতি নিয়ে।


