চেন্নাই: এক-দু’ভরি নয়, এক-দু’কেজিও নয়, সোজা ১২১ কেজি সোনা! তাও আবার কোনও রাজপ্রাসাদ সাজাতে নয়, ভগবান ভেঙ্কটেশ্বরের (Tirupti Ventakeshwar) মন্দিরের জন্য। চেন্নাইয়ের এক দম্পতির এমন নজিরবিহীন দানে এখন তোলপাড় দেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিরুমালা মন্দিরে এই বিপুল পরিমাণ সোনার গয়না তুলে দিলেন তাঁরা। কিন্তু প্রশ্ন হল, ঠিক ১২১ কেজি সোনাই কেন? এর নেপথ্যের কারণ জানলে সত্যিই অবাক হতে হয়!
দম্পতির নাম বর্ধমান জৈন ও তাঁর স্ত্রী রাধিকা জৈন। তাঁদের দেওয়া সোনা ও হিরে-জহরত বসানো গয়নার আনুমানিক মূল্য প্রায় ২০৬ থেকে ২০৮ কোটি টাকা। মোট ৪৬ ধরনের অলঙ্কার রয়েছে এই উপহারে। তার মধ্যে রয়েছে মুকুট, হার, কোমরবন্ধ, বাহুর অলঙ্কার, পায়ের কবচ, নূপুর, এমনকি নানা ধরনের রত্নখচিত গয়নাও। ১২১ কেজির মধ্যে প্রায় ১০৬ কেজি গয়না ভগবান ভেঙ্কটেশ্বরের (Tirupati Venkateshwar) জন্য। বাকি ১৫ কেজি সোনা দিয়ে তৈরি হবে দেবী পদ্মাবতীর জন্য সোনার পোশাক।
কিন্তু আসল চমকটা লুকিয়ে রয়েছে এই ১২১ সংখ্যার মধ্যেই!
জানা যাচ্ছে, বর্ধমান জৈন ও তাঁর ভাই মিলে একটি হেলথকেয়ার সংস্থা গড়েছিলেন। পরে সংস্থার বড় অংশীদারি বিক্রি করে বিপুল অর্থ পান তিনি। ব্যবসায়িক সাফল্যকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন বর্ধমান। সেই কৃতজ্ঞতা থেকেই ভেঙ্কটেশ্বরের চরণে সোনা উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন ১২১ কেজি? দাতার কথায়, ঠিক কী কারণে এই নির্দিষ্ট ওজনের মানত করেছিলেন, তা তিনি নিজেও জানেন না! পরে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আলোচনায় উঠে আসে এক অদ্ভুত মিল, মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরকে (Tirupati Venkateshwar) প্রতিদিন প্রায় ১২০ কেজি সোনার অলঙ্কারে সাজানো হয়। সেই তথ্য জানার পর কাঁচা সোনা দেওয়ার বদলে দেবতার ব্যবহারের উপযোগী গয়না তৈরি করার সিদ্ধান্ত হয়।
প্রায় ১৫ মাস ধরে তৈরি হয়েছে এই বিপুল অলঙ্কারসম্ভার। মুখ্যমন্ত্রী নিজেও এই দানকে তিরুমালা মন্দিরের ইতিহাসে অন্যতম বৃহত্তম ব্যক্তিগত সোনার উপহার বলে উল্লেখ করেছেন।
ভাবুন একবার, যে সোনা দিয়ে অনায়াসে একাধিক বিলাসবহুল বাড়ি বা সম্পত্তি কেনা যায়, সেই সোনা দিয়েই দেবতার (Tirupati Venkateshwar) জন্য তৈরি হল মুকুট থেকে নূপুর! ব্যবসার সাফল্য, ব্যক্তিগত বিশ্বাস আর এক অদ্ভুত সংখ্যার মিল, সব মিলিয়ে ১২১ কেজির এই দান এখন শুধু অর্থের অঙ্কে নয়, কৌতূহলের গল্পেও নজির গড়ছে।


