Aaj India Desk, কলকাতা : দীর্ঘদিন ধরেই চর্চায় মিমি চক্রবর্তী (Mimi Chakraborty Wedding) ও তাঁর হবু বর! সম্প্রতি তাঁর বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছিল। সব্যসাচীতে বিয়ের শপিং নিয়েও চলছিল জল্পনা। তবে ঠিক কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন তা নিয়ে খোলসা করে বলতে চাননি তিনি। তবে এবার বোধহয় সত্যিই বাজলো বিয়ের সানাই। সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতার কসবার বাড়িতে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন টলিউড অভিনেত্রী। যদিও অভিনেত্রী বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
কসবার বাড়িতেই প্রথম পর্ব
তারকা বিয়ের চেনা জাঁকজমক নয়, বরং ঘনিষ্ঠ পরিসরেই বিয়ের প্রথম পর্ব সারতে চাইছেন মিমি (Mimi Chakraborty Wedding)। কসবার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে দুই পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্য এবং টলিউডের ঘনিষ্ঠ তিন-চারজন উপস্থিত থাকতে পারেন। একই সঙ্গে ঘরোয়া পরিসরে বাগদানের আয়োজনও হওয়ার কথা।
কবে বসছে বিয়ের আসর ?
ডিসেম্বরের প্রথম সপ্তাহে কালিম্পংয়ে বসবে মিমির বিয়ের আসর। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত একটি নির্দিষ্ট রিসর্টে চলবে বিয়ের একাধিক অনুষ্ঠান।
সম্ভাব্য সূচি অনুযায়ী—
- ৩ ডিসেম্বর: ককটেল ডিনার।
- ৪ ডিসেম্বর: মেহেন্দি ও সংগীত।
- ৫ ডিসেম্বর: মূল বিয়ের অনুষ্ঠান। মালাবদল, সাতপাক ও সিঁদুরদানের মতো রীতিতে সম্পন্ন হতে পারে বিয়ে।
বড় তারকাখচিত আয়োজনের বদলে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই অনুষ্ঠান করার পরিকল্পনা বলে জানা যাচ্ছে।
কে মিমির হবু জীবনসঙ্গী?
মিমির (Mimi Chakraborty Wedding) বিয়ের খবর সামনে আসতেই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে তাঁর হবু জীবনসঙ্গীকে ঘিরে। বসিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, মার্চেন্ট নেভিতে কর্মরত বলে জানা যাচ্ছে। তবে সিদ্ধার্থের পরিচয় কিংবা বিয়ের খবর, কোনও বিষয়েই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি মিমি।
উল্লেখ্য, মিমির বিয়ের জল্পনা প্রথম ছড়ায় সোশ্যাল মিডিয়ায় একটি নিমন্ত্রণপত্রের ছবি ঘিরে। সেই কার্ডের নকশায় বর-কনের ছবির পাশাপাশি জায়গা পেয়েছে অভিনেত্রীর তিন আদরের পোষ্য, চিকু জুনিয়র, ম্যাক্স এবং জাদু। পশুপ্রেমী মিমির জীবনে পোষ্যদের বিশেষ গুরুত্ব রয়েছে। বিয়ের মতো ব্যক্তিগত অনুষ্ঠানেও তাদের জায়গা করে দেওয়ার বিষয়টি অনুরাগীদের নজর কেড়েছে। বিয়ের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরের বাইরে দেখা গিয়েছিল মিমিকে। সঙ্গে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। সেই ছবি প্রকাশ্যে আসতেই বিয়ের পোশাক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার কসবার বাড়িতে আইনি বিয়ের সম্ভাবনা উঠে এলো।


