Aaj India Desk, ঢাকা : বাংলাদেশে ঝুলছে মৃত্যুদণ্ডের সাজা, ফলে প্রায় দেড় বছর দিল্লিতেই আত্মগোপন করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সময় বদলালেও রাজনৈতিক পরিস্থিতিও এখনও উত্তপ্ত। তার মধ্যেই এবার দেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন হাসিনা। শুধু ইচ্ছাপ্রকাশ নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারি বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন বলে দাবি তাঁর ঘনিষ্ঠ মহলের।
বিজয় দিবসেই প্রত্যাবর্তনের পরিকল্পনা
১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। সেই বিজয় দিবসকেই দেশে ফেরার জন্য বেছে নিতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে ডিসেম্বর মাসে দেশে ফেরার ইঙ্গিত দিলেও নির্দিষ্ট কোনও তারিখ জানাননি হাসিনা। এবারই প্রথম ১৬ ডিসেম্বরের কথা প্রকাশ্যে এসেছে।
দিল্লি থেকে ফেরার জন্য বিশেষ বিমান?
হাসিনার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বাংলাদেশ সরকারের কাছে দেশে ফেরার জন্য সরকারি বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে পাঠানোর কথা জানিয়েছেন তাঁর পক্ষে সওয়াল করা সৈয়দ মহম্মদ আলি। তাঁর বক্তব্য, শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া সংবিধানের পরিপন্থী। ১৬ ডিসেম্বর তাঁকে দেশে ফিরতে দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকারের।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। তারপর থেকে তিনি ভারতে রয়েছেন। এরই মধ্যে গত বছর ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলেও আলোচনা শুরু হয়। তবে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা করেছেন হাসিনা।
হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তাঁর দল আওয়ামী লিগ তাঁকে দেশে ফেরানোর দাবিতে সক্রিয় হয়েছে। অন্যদিকে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তরফে প্রতিরোধের পরিস্থিতিও তৈরি হয়েছে। এই অবস্থায় ১৬ ডিসেম্বরের আগে বাংলাদেশ সরকারের কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


