29 C
Kolkata
Sunday, November 22, 2026
spot_img

এক চুমুকেই মৃত্যুমিছিল! ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ৩৭০-র বেশি! কী মেশানো ছিল পানীয়তে?

Aaj India Desk, ইম্ফল: মণিপুরে (Manipur) ভেজাল মদ পান (Drinking Alcohol) করে একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। সন্দেহজনক মদ খেয়ে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু (Death) হয়েছে বলে খবর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৭০ জনেরও বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের চান্দেল ও কাকচিং জেলায়। গত ১৫ থেকে ২০ নভেম্বরের মধ্যে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ইম্ফলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এক প্রতিবেদন অনুযায়ী, চান্দেল জেলার চাকপিকারং এবং তার আশপাশের এলাকায় এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি কাকচিং জেলার সুগনু থেকেও মৃত্যুর খবর এসেছে। স্থানীয় সূত্রের দাবি, চান্দেলে ৯ জন এবং সুগনুতে ৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, অসুস্থদের ভিড় বাড়ছে বিভিন্ন হাসপাতালে। শিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৩১২ জনেরও বেশি রোগীর চিকিৎসা হয়েছে। বাবিনা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০ জন। এছাড়া ইম্ফলের RIMS এবং JNIMS-সহ অন্যান্য হাসপাতালেও আক্রান্তদের চিকিৎসা চলছে।

আক্রান্তদের মধ্যে অনেকেরই বমি, পেটের যন্ত্রণা, মাথাব্যথা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁদের আইসিইউতে রেখে চিকিৎসা করছেন চিকিৎসকরা।

আক্রান্তদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

গত ২০ নভেম্বর শিজা এবং বাবিনা হাসপাতালে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। চিকিৎসাধীন রোগীদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছ থেকেও পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, তাঁর হাসপাতালে যাওয়ার সময় শিজা হাসপাতালে ১৪০ জনের বেশি এবং বাবিনা হাসপাতালে ৪১ জনেরও বেশি রোগী ভর্তি ছিলেন। এর আগের ৪৮ ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছিল বলেও জানান তিনি। পরিস্থিতি সামাল দিতে চান্দেল জেলায় বিশেষ চিকিৎসক দল পাঠিয়েছে রাজ্য সরকার। জেনারেল মেডিসিনের এক বিশেষজ্ঞের নেতৃত্বে এই দল গঠন করা হয়েছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধও পাঠানো হয়েছে, যাতে এলাকায় থেকেই চিকিৎসার ব্যবস্থা করা যায়।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পিছনে যাঁদের দায় রয়েছে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। চান্দেল বিধানসভা কেন্দ্রের বিধায়ক এসএস ওলিশ জানিয়েছেন, চাকপিকারং এবং আশপাশের গ্রামগুলি থেকে আরও অসুস্থ মানুষকে ইম্ফলে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে গাড়ির ব্যবস্থা করছেন দলের কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

কোথা থেকে এল সন্দেহজনক মদ? তদন্তে পুলিশ 

এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, কোথা থেকে এসেছিল ওই সন্দেহজনক মদ? বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। চান্দেলের পুলিশ সুপারের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্তরা যে মদ পান করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, সেটি কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। চান্দেল জেলায় ওই মদ তৈরি হয়নি বলেও জানিয়েছে পুলিশ। তাদের বক্তব্য, চান্দেলে ঐতিহ্যবাহী মদ তৈরির কোনও পরিচিত স্থানীয় উৎপাদন কেন্দ্রের তথ্য নেই।

এদিকে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যজুড়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে মণিপুরের আবগারি দফতর। মদের দোকান ও উৎপাদন কেন্দ্রগুলিতে নিয়মিত পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মদের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। তাতে বিষাক্ত কোনও রাসায়নিক রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

সব মিলিয়ে মণিপুরে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে। কীভাবে এই বিপুল সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়লেন এবং সন্দেহজনক মদের উৎস কোথায়, এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে প্রশাসন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন