Aaj lndia Desk, নয়াদিল্লি: বিহারে (Bihar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) আসন্ন সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ল। বৈশালী (Vaishali) জেলায় গঙ্গার উপর নির্মিত ‘নীতীশ সেতু’ (Nitish Setu) উদ্বোধনের আগেই কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তাঁর বক্তব্য, এই সেতু নির্মাণে কেন্দ্রীয় সরকারের কোনও আর্থিক সাহায্য ছিল না। তাহলে প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পর্ক না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী কেন উদ্বোধন করতে আসছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই মন্তব্য ঘিরেই বিহারের রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাপানউতোর।
উদ্বোধনের কৃতিত্ব নিয়ে প্রশ্ন
শুক্রবার এক্স (X) মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করেন তেজস্বী। তাঁর দাবি, বর্তমান বিতর্কের কেন্দ্রে থাকা সেতুটি নতুন করে চালু হচ্ছে না। প্রায় ১৭ মাস আগেই বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এর উদ্বোধন করেছিলেন। তারপর থেকেই সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে এই সংযোগপথ। ইতিমধ্যে কয়েক লক্ষ যানবাহন সেতুটি পারাপার করেছে বলেও দাবি করেছেন তিনি।
তেজস্বীর কটাক্ষ, প্রকল্পের অর্থ বরাদ্দ কিংবা নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রের কোনও অবদান না থাকলে এখন উদ্বোধনের প্রয়োজন কী? শুধুমাত্র উদ্বোধনী ফলকে নিজের নাম যুক্ত করতেই প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন বিরোধী দলনেতা।
নামকরণ নিয়ে পুরনো প্রস্তাব সামনে
সেতুর নাম নিয়েও আপত্তি প্রকাশ করেছেন রাঘোপুরের বিধায়ক তেজস্বী। তাঁর বক্তব্য, এই গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নামকরণের ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাই (Akshaywat Rai) অথবা শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংয়ের (Guru Gobind Singh) নাম বিবেচনা করা হয়েছিল। তেজস্বীর দাবি, নীতীশ কুমারও একসময় স্বাধীনতা সংগ্রামীর নামে সেতুর নামকরণে সম্মতি জানিয়েছিলেন।
৪,২৮০ কোটির প্রকল্প ঘিরে রাজনৈতিক তরজা
পাটনার (Patna) কাচ্চি দরগা থেকে বৈশালীর বিদুপূর পর্যন্ত বিস্তৃত এই সেতুর দৈর্ঘ্য ১৯.৭ কিলোমিটার। এক্সট্রাডোজড কেবল-স্টেড প্রযুক্তিতে (Extradosed Cable-Stayed Technology) নির্মিত সেতুটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৪,২৮০ কোটি টাকা।
প্রকল্পের অর্থায়ন, নির্মাণের কৃতিত্ব এবং নামকরণ—তিনটি বিষয়কে ঘিরেই এখন বিহারের শাসক এনডিএ (NDA) ও বিরোধী আরজেডির মধ্যে সংঘাত। প্রধানমন্ত্রীর সফরের আগে তেজস্বীর মন্তব্য সেই রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিল।


