23 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

মিড ডে মিলের দায়িত্ব অন্নামৃতের হাতে, তবু স্কুলে নতুন খরচ কেন? শিক্ষক মহলে বাড়ছে ক্ষোভ!

Aaj India Desk, কলকাতা : মিড ডে মিল (Mid Day Meal) রান্নার দায়িত্ব বদলের সিদ্ধান্তের পরেও নতুন করে রান্নার সরঞ্জাম কেনার উদ্যোগ কেন? রাজ্যের স্কুল শিক্ষা দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে ঘিরে এবার এই প্রশ্নই উঠতে শুরু করেছে। একদিকে রাজ্যের সব স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব অন্নামৃত ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত, অন্যদিকে ২৭ হাজারেরও বেশি স্কুলের জন্য নতুন কিচেন ডিভাইস কেনার প্রস্তুতি। এই দুই সিদ্ধান্তের মধ্যে সমন্বয় কোথায়, তা নিয়েই সরব শিক্ষক সংগঠনগুলি। তাদের দাবি, কয়েক মাসের জন্য নতুন সরঞ্জাম কিনতে বিপুল সরকারি অর্থ খরচের যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন।

২৭,৭৪২টি স্কুলে নতুন সরঞ্জাম কেনার পরিকল্পনা

স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্যের ২৭,৭৪২টি স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) রান্নার জন্য নতুন কিচেন ডিভাইস কেনা হবে। এই উদ্দেশ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলাভিত্তিক এবং স্কুলভিত্তিক চাহিদার তালিকা জমা দিতে বলা হয়েছে।সরকারি সংস্থা ‘মঞ্জুষা’র মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই রান্নার সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কী নিয়ে ক্ষোভ শিক্ষক সংগঠনের ? 

এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের প্রশ্ন, মিড ডে মিলের (Mid Day Meal) দায়িত্ব যখন অন্নামৃত ফাউন্ডেশনকে দেওয়া হচ্ছে, তখন রান্নার সরঞ্জাম কেনার দায়িত্বও সংশ্লিষ্ট সংস্থার নেওয়া উচিত কি না, তা বিবেচনা করা প্রয়োজন। স্বপন মণ্ডলের বক্তব্য, মাত্র কয়েক মাসের জন্য নতুন সরঞ্জাম কিনতে এত টাকা খরচ করা সরকারি অর্থের অপচয় হতে পারে। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

শুধু বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি নয়, কিচেন ডিভাইস কেনার বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চও। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও এই উদ্যোগের যৌক্তিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ৭ নভেম্বর স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রাজ্যের সব স্কুলে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হবে অন্নামৃত ফাউন্ডেশনকে। সংস্থাটি ইসকনের সহযোগী হিসেবে পরিচিত। এর পরেই নতুন রান্নার সরঞ্জাম কেনার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসায় তৈরি হয়েছে প্রশ্ন। এখন দেখার, শিক্ষক সংগঠনগুলির আপত্তির পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কি না, নাকি নির্ধারিত সময়ের মধ্যেই সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন