Aaj India Desk, কলকাতা : ধর্মান্তকরণ নিয়ে বিতর্কের রেশ কাটার আগেই ফের একই অভিযোগে সরব বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। এবার তাঁর নিশানায় পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে পূর্ব বর্ধমান! অভিযোগ, বিদেশি অর্থের সাহায্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ধর্ম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে একটি শ্রেণি। যদিও নির্দিষ্ট কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম করেননি তিনি। অন্যদিকে, আগের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরব খ্রিস্টান সংগঠনগুলি। তাহলে কি ধর্মান্তকরণ বিতর্কে নতুন করে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন?
কী অভিযোগ শমীক ভট্টাচার্যের?
বৃহস্পতিবার পুরুলিয়ায় একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) দাবি করেন, রাজনৈতিক দলগুলি যেমন সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করে, তেমনই একটি শ্রেণি বিদেশি অর্থ ব্যবহার করে বাংলার কয়েকটি এলাকায় ধর্মান্তকরণের কাজ চালাচ্ছে।
তাঁর অভিযোগ, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমানের মতো এলাকায় এই তৎপরতা চলছে। স্থানীয় মানুষকে সতর্ক করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, প্রত্যেকে নিজের ধর্ম পালনের অধিকারী। তবে ধর্মান্তকরণ বরদাস্ত করা হবে না। বিজেপি এই ধরনের কাজ হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আগেও এই ধরনের অভিযোগ
তবে ধর্মান্তকরণ নিয়ে শমীকের (Shamik Bhattacharya) এই মন্তব্য নতুন নয়। গত ১৫ নভেম্বর কলকাতায় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি।
তাঁর দাবি ছিল, কিছু খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠান জোর করে অন্য ধর্মের মানুষকে ধর্মান্তরিত করছে। পাশাপাশি, গেরুয়া শাড়ি পরার কারণে এক বিজেপি মহিলা কর্মীকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি। কলকাতার এক নামী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আসানসোলে ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এবং একটি স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা থাকার দাবিও করেছিলেন শমীক।
উল্লেখ্য, আগেই শমীকের একের পর এক অভিযোগের পর সরব হয়েছিল খ্রিস্টান সংগঠনগুলি। সাংবাদিক সম্মেলন করে তারা জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ অস্বীকার করে। বিজেপির রাজ্য সভাপতির কাছে নির্দিষ্ট অভিযোগের প্রমাণও দাবি করা হয়। খ্রিস্টান সংগঠনগুলির বক্তব্য, কোথাও বেআইনি বা জোর করে ধর্মান্তকরণের ঘটনা ঘটলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কয়েকটি অভিযোগের ভিত্তিতে গোটা খ্রিস্টান সম্প্রদায় কিংবা রাজ্যের ৮০০-র বেশি খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। এর পরে ফের আজ শমীকের বিস্ফোরক অভিযোগ ঘিরে ক্রমশ ক্ষোভের পারদ চড়ছে তাদের মধ্যে। শমীকের সাম্প্রতিক অভিযোগের পর এই বিতর্ক কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।


