Aaj lndia Desk, কলকাতা: স্বদেশি ও আত্মনির্ভর ভারতের কথা শুধু সভা-সম্মেলনের মঞ্চে বললেই হবে না, বাস্তবেও তার প্রতিফলন দেখতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের শিল্পপতি ও কর্পোরেট সংস্থাগুলির উদ্দেশে এবার কার্যত সেই বার্তাই দিলেন তিনি। বুধবার, ১৯ নভেম্বর নয়াদিল্লির (New Delhi) ভারত মণ্ডপমে (Bharat Mandapam) ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (FICCI) বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শিল্পমহলের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
‘আমার কথা না মানুন, গান্ধীজির কথা তো মানুন’
বক্তব্যে মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) ১৯৩০ সালের সফর এবং স্বদেশি ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন মোদী। তাঁর বক্তব্য, প্রায় এক শতাব্দী আগে গান্ধীজি যে দেশীয় উৎপাদন ও আত্মনির্ভরতার বার্তা দিয়েছিলেন, আজও সেই একই বিষয়ে শিল্পমহলকে মনে করিয়ে দিতে হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “আমার কথা মানুন বা না মানুন, গান্ধীজির কথা তো মানুন।” তাঁর প্রশ্ন, এত বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন ভারতীয় শিল্পক্ষেত্রকে স্বদেশির গুরুত্ব নতুন করে বোঝাতে হচ্ছে?
কর ছাড়ের পরেও কর্মীদের জন্য কী করেছে শিল্পমহল?
শিল্পপতিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের নেওয়া আর্থিক পদক্ষেপের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ২০১৪ সালে কর্পোরেট করের (Corporate Tax) মূল হার ছিল ৩০ শতাংশ, যা কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। পাশাপাশি, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়করের ক্ষেত্রে ছাড়ের কথাও উল্লেখ করেন তিনি।
এরপরই শিল্পমহলকে সরাসরি প্রশ্ন করেন মোদী। তাঁর বক্তব্য, সরকার করের বোঝা কমালেও শিল্পসংস্থাগুলি কি কর্মীদের বেতন বাড়িয়েছে? নতুন কর্মসংস্থান তৈরি করেছে? প্রধানমন্ত্রীর অভিযোগ, সরকারি সুবিধা পাওয়ার পরেও কর্মীদের উন্নতির জন্য প্রত্যাশিত পদক্ষেপ দেখা যাচ্ছে না। শিল্পপতিদের চাহিদা নিয়েও কটাক্ষ করেন তিনি।
আগামী ২০ বছর ‘ভারত সবার আগে’
প্রধানমন্ত্রীর মতে, আত্মনির্ভর ভারত গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, বেসরকারি শিল্পক্ষেত্রকেও সমানভাবে এগিয়ে আসতে হবে। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের পরিমাণ ও গুণমান বাড়ানোর উপর জোর দেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযুক্ত পণ্য তৈরির আহ্বান জানান।
আগামী ২০ বছরের প্রতিটি বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্তে ‘ভারত সবার আগে’ নীতি অনুসরণের পরামর্শ দেন মোদী। তাঁর স্পষ্ট বার্তা, সরকারি সুযোগ-সুবিধার অপেক্ষায় না থেকে দেশের অর্থনৈতিক রূপান্তরে শিল্পমহলকেই আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।


