কলকাতা: হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার ঝাঁঝে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)! এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের হাতে আটক টলিউডের ‘রাজলক্ষ্মী’ জ্যোতিকা জ্যোতি! রাতভর আতঙ্কিত অভিনেত্রীর একের পর এক ফেসবুক লাইভ আছড়ে পড়ল এদেশেও! কখনও পুলিশের কাছে জানতে চাইছেন, কী অপরাধ তাঁর? কখনও কাঁদতে কাঁদতে অনুরোধ, হাতে যেন হাতকড়া না পরানো হয়! কিন্তু শেষরক্ষা হল না! মাঝরাতে উত্তরার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বৃহস্পতিবার ভোররাতের এই ঘটনায় তোলপাড় দুই বাংলার বিনোদন মহল।
বাংলাদেশের (Bangladesh) সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার গভীর রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ফ্ল্যাটে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। রাত ১টার পর থেকেই ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী। প্রায় ৫০ মিনিটের একাধিক লাইভে পুলিশের সঙ্গে তাঁর উত্তপ্ত কথোপকথনও ধরা পড়ে। জ্যোতির দাবি, তিনি কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত নন। পুলিশ তাঁকে ফোন করলে নিজেই দফতরে হাজির হতেন বলেও জানান। শেষ পর্যন্ত ভোররাত আড়াইটে নাগাদ তাঁকে গ্রেপ্তার করে ডিবি। নিয়ে যাওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা দফতরে।
কিন্তু কেন এই গ্রেপ্তারি? এখানেই উঠে আসছে রাজনৈতিক যোগের প্রসঙ্গ। বাংলাদেশের (Bangladesh) এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্দিষ্ট অভিযোগ ও মামলার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। নিষিদ্ধ আওয়ামি লিগের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ এবং বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যপদও নতুন করে আলোচনায়।
উল্লেখ্য, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই গ্রুপের কথোপকথন প্রকাশ্যে আসতেই বিতর্কে জড়ান একাধিক শিল্পী। জ্যোতিকাও পরে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন।
এপার বাংলার দর্শকদের কাছেও পরিচিত মুখ জ্যোতিকা। প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে রাজলক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পর্দার সেই পরিচিত মুখের এমন গ্রেপ্তারিতে এখন প্রশ্ন একটাই, কোন মামলার জেরেই বা এই পদক্ষেপ? উত্তর খুঁজছে দুই বাংলার দর্শক।


