22 C
Kolkata
Thursday, November 19, 2026
spot_img

সন্ধ্যায় ফের উত্তেজনা বইপাড়ায়! ব্যারিকেড ভেঙে বই স্টলে হামলা! SFI- ABVP এর সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি!

Aaj India Desk, কলকাতা : ফের রণক্ষেত্র কলেজ স্ট্রিট। সকাল থেকে SFI এর বই বিক্রিকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল, সন্ধ্যায় তা আরও বাড়লো। ব্যারিকেড ভেঙে বইয়ের স্টলে হামলার চেষ্টা এবং বই ও ব্যানার ছেঁড়ার অভিযোগ ঘিরে সন্ধ্যেবেলায় ফের উত্তপ্ত হয়ে ওঠে বইপাড়া। SFI ও ABVP-র সমর্থকদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে SFI।

ন্যাশনাল বুক এজেন্সি ও SFI-এর উদ্যোগে মহাবোধি সোসাইটি হলের সামনে প্রতিবছরের মতোই তিন দিনের সংগ্রামী বইমেলা নামে বইয়ের স্টলের আয়োজন করা হয়েছিল। SFI-এর দাবি, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও মঙ্গলবার পুলিশ তাদের স্টল তৈরি করতে বাধা দেয়। শুধু তাই নয়, রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক কর্মীকে আটকও করা হয়। পরবর্তীকালে তাঁদের জামিন দেওয়া হয়।

মঙ্গলবারের ঘটনার পর বুধবার সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে পূর্বনির্ধারিত জায়গা থেকে কিছুটা সরে বই বিক্রি শুরু করে SFI। কোনও ছাউনি ছাড়াই টেবিল পেতে সাজানো হয় বই। কিন্তু বেলা ১১টা নাগাদ পরিস্থিতি বদলে যায়। সেখানে পৌঁছন ABVP সমর্থকরা। SFI যদি ওই এলাকায় বই বিক্রি করতে পারে, তাহলে তাঁরাও একই জায়গায় স্টল বসাবেন বলে দাবি করেন। এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

ABVP নেতা স্বাধীন হালদারের বক্তব্য, SFI যদি ওই চত্বরে বই বিক্রি করতে পারে, তাহলে তাঁদেরও একই অধিকার রয়েছে। পাশাপাশি SFI-এর স্টলে রাষ্ট্রবিরোধী এবং সনাতন ধর্মবিরোধী মতাদর্শের বই বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। এমন বই বিক্রি হতে দেওয়া হবে না বলেও দাবি ABVP-র। দুই ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানের জেরে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট। ব্যারিকেড ভেঙে বইয়ের স্টলে হামলার চেষ্টা, বই ও ব্যানার ছেঁড়ার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতির জেরে প্রায় দু’ঘণ্টা কলেজ স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।

সকালের উত্তেজনা কাটতে না কাটতেই সন্ধ্যায় ফের নতুন করে অশান্তি ছড়ায় বইপাড়ায়। SFI সদস্যদের অভিযোগ, প্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও আগের দিন তাঁদের স্টল করতে দেওয়া হয়নি। উল্টে কর্মীদের আটক করা হয়েছিল।অন্যদিকে, বুধবার ABVP সমর্থকরা বিনা অনুমতিতে স্টল ঘিরে বিক্ষোভ ও হামলার চেষ্টা চালালেও পুলিশ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ SFI-এর।

সব মিলিয়ে বই বিক্রিকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটের সংঘাত এখন রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলির অধিকার এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে। যে বইপাড়া বরাবরই মতাদর্শের চর্চা ও মুক্ত চিন্তার পরিচিত ঠিকানা, সেখানেই বই বিক্রিকে কেন্দ্র করে এমন সংঘাত ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন