কলকাতা: কালী বলতেই চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণবর্ণা বা নীলবর্ণা দেবীমূর্তি। গলায় মুণ্ডমালা, হাতে খড়্গ, পায়ের নীচে মহাদেব। কিন্তু দেবীর রূপ যদি হয় ধবধবে সাদা? সম্প্রতি ‘শ্বেতকালী’ (Shwetkali) নামক একটি ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এ কি শুধুই কল্পনা? না সত্যিই শ্বেতকালীর অস্তিত্ব আছে? শুনতে অবাক লাগলেও বাংলার মাটিতেই রয়েছে এমন একাধিক শ্বেতকালী মন্দির। শুধু নামেই নয়, দেবীর মূর্তির গাত্রবর্ণও সেখানে শ্বেতশুভ্র!
হুগলির রাজবলহাটে পূজিত হন মা রাজবল্লভী। প্রায় ছয় ফুট উচ্চতার এই দেবীমূর্তির গায়ের রং সাদা (Shwetkali)। স্থানীয় বিশ্বাস, দেবীর মধ্যে দুর্গা, সরস্বতী ও কালীর রূপের মিশেল রয়েছে। মন্দিরের বয়স নিয়েও রয়েছে নানা মত। কারও মতে, এই মন্দির প্রায় ৮০০ বছরের পুরনো। আবার প্রতিষ্ঠার সময়কাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কালীপুজোর সময় দূরদূরান্ত থেকে ভক্তেরা ভিড় করেন দেবী দর্শনে।

রাজবলহাট থেকে খুব বেশি দূরে নয় হুগলির আঁটপুর। সেখানেও রয়েছেন সিদ্ধেশ্বরী শ্বেতকালী। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজবলহাটের রাজবল্লভী ও আঁটপুরের সিদ্ধেশ্বরী নাকি দুই বোন! কথিত আছে, রানি তারাদেবী স্বপ্নাদেশ পেয়েছিলেন, পূর্ণিমার চাঁদের মতো শুভ্র রূপে দেবীর পুজো করতে হবে। সেই বিশ্বাস থেকেই আঁটপুরে শ্বেতকালীর (Shwetkali) উপাসনা প্রচলিত হয়।

শ্বেতকালীর দেখা মেলে পশ্চিম বর্ধমানের কুলটির লালবাজারেও। তবে সেখানকার পুজো তুলনায় নতুন। ২০০৫ সালে মধুময় ঘোষের উদ্যোগে শুরু হয় এই পুজো। প্রচলিত কাহিনি অনুযায়ী, স্বপ্নাদেশ পাওয়ার পরই তিনি দেবীর পুজো শুরু করেন।

বাংলার এই মন্দিরগুলি বলছে, লোকবিশ্বাস ও আঞ্চলিক উপাসনা-পদ্ধতিতে দেবীর রূপের বৈচিত্র্য অসীম। কোথাও তিনি ভয়ংকরী, কোথাও শান্ত, আবার কোথাও একেবারে শ্বেতশুভ্রা (Shwetkali)। অর্থাৎ, কালী যে শুধু কালোতেই ধরা দেন, তা কিন্তু নয়!


