Aaj India Desk, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে রাজনৈতিক মতপার্থক্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সেই দাবির বিরোধিতা করে এবার মমতার আর এক ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় (Ganesh Banerjee) স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি দিদির পাশেই রয়েছেন। একই সঙ্গে বাবুনের বক্তব্যকে কার্যত নস্যাৎ করে তাঁর দাবি, দিদি কখনও ভাইদের ফোঁটা দেওয়া বন্ধ করেননি।
সম্প্রতি শুভেন্দু অধিকারীর কালীপুজোয় উপস্থিত হয়ে তাঁকে প্রণাম করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ‘দাদা’, ‘নেতা’ ও ‘অভিভাবক’ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভাইফোঁটায় ডাকেন না, রাখিও পরান না। এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর চর্চা।
বাবুনের এই দাবির সঙ্গে একমত নন গণেশ বন্দ্যোপাধ্যায় (Ganesh Banerjee)। তাঁর বক্তব্য, দিদি প্রত্যেকবারই ভাইদের ফোঁটা দেওয়ার জন্য ডাকতেন। এবার অবশ্য ঘরোয়াভাবে তিন ভাইকে ভাইফোঁটা দিয়েছেন মমতা। গণেশের কথায়, বাবুনের দাবি যে তিন বছর ধরে বাড়িতে ঢোকা যায়নি, তা ঠিক নয়।গণেশ আরও জানান, তাঁদের বাবা মারা যাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাদা অজিত বন্দ্যোপাধ্যায় তাঁদের বড় করেছেন। দিদি তাঁদের কাছে অভিভাবকের মতো। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দিদির প্রতি তাঁর অবস্থান বদলাবে না।
বাবুনের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেছেন গণেশ (Ganesh Banerjee)। তাঁর কথায়, কে কোন রাজনৈতিক দল করবেন, সেটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমি আমার জায়গায় থাকব, আমি দিদির সঙ্গেই আছি। অন্যদের মতো আমি আমার নিজের দিদিকে পরিবর্তন করতে পারব না। আর মুখ্যমন্ত্রীর তো আর খেয়ে দেয়ে কাজ নেই যে বাবুনকে বলবে এসে বিজেপি জয়েন করো।”
এই পারিবারিক ও রাজনৈতিক বিতর্কে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অজিত বন্দ্যোপাধ্যায়। তবে বাবুনের মন্তব্যের পর গণেশের এই পালটা বক্তব্যে বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্দরের মতপার্থক্য নতুন করে প্রকাশ্যে এল। রাজনৈতিক মহলের নজর এখন পরিবারের বাকি সদস্যদের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে।


