Aaj India Desk, কলকাতা: কলকাতার বুকে একদিকে জলমগ্ন রাস্তা, অন্যদিকে পানীয় জলের জন্য হাহাকার! টানা তিন দিন ধরে সুপেয় জল পাচ্ছেন না উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা (Tala Water Crisis)। টালা ট্যাঙ্কের ৭২ ইঞ্চি প্রধান পাইপলাইন ফেটে বিপর্যস্ত জল সরবরাহ ব্যবস্থা। বাগবাজার থেকে পাইকপাড়া, কুমোরটুলি থেকে বেলগাছিয়া, কমপক্ষে ১০টি ওয়ার্ডের বাসিন্দাদের দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত জলের গাড়ি পাঠানো হচ্ছে না বলে অভিযোগ। এমনকী পুরসভার হেল্পলাইনেও মিলছে না প্রয়োজনীয় সাহায্য। প্রশ্ন উঠছে, কলকাতার মতো মহানগরে পরপর তিন দিন পানীয় জলের সরবরাহ স্বাভাবিক করা গেল না কেন?
সংকটের তিন দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পর্যাপ্ত পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে না বলে দাবি। যে কয়েকটি গাড়ি পৌঁছচ্ছে, তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। ফলে রাস্তার কল কিংবা জলের গাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। এমনকী কিছু এলাকায় পানীয় জল সরবরাহের বিনিময়ে টাকা চাওয়ার অভিযোগও উঠেছে। বিপর্যয়ের সুযোগ নিয়ে একশ্রেণির দালাল ও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলেও অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, পুরসভার হেল্পলাইন ও জরুরি পরিষেবা থেকে সময়মতো সাহায্য মিলছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। (Tala Water Crisis)
এই জলসংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, প্রবীণ এবং বস্তি এলাকার বাসিন্দারা। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১০ এবং ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানীয় জলের অভাবে সমস্যায় পড়েছেন। দৈনন্দিন কাজের জন্য বাধ্য হয়ে অনেকে গঙ্গার জল ব্যবহার করছেন। তবে দূষণের কারণে সেই জল পান করা সম্ভব নয়। ফলে অতিরিক্ত টাকা খরচ করে বোতলবন্দি জল কিনতে হচ্ছে বহু পরিবারকে। বিশেষ করে নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারের কাছে এই বাড়তি খরচ বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন বিশুদ্ধ পানীয় জল না পেলে জলবাহিত রোগের আশঙ্কাও বাড়তে পারে। (Tala Water Crisis)
পরিস্থিতি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর অজয় সাহা-সহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, পুরসভার পর্যাপ্ত নজরদারি ও পরিকল্পনার অভাবেই সাধারণ মানুষকে পানীয় জলের জন্য এমন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।
পানীয় জল নাগরিকদের মৌলিক প্রয়োজন। সেখানে কলকাতার মতো মহানগরের একাধিক ওয়ার্ডে টানা তিন দিন জল সরবরাহ ব্যাহত হওয়ায় পুরসভার পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।কবে মিলবে এই জলযন্ত্রণা থেকে মুক্তি? আপাতত সেই অপেক্ষাতেই উত্তর কলকাতার হাজার হাজার পরিবার।


