27 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর প্রথম জগদ্ধাত্রী পুজো! চন্দননগরে বিশেষ আয়োজনে কী কী থাকছে?

Aaj India Desk, হুগলি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja)। আর সেই পুজোকে ঘিরেই এখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত চন্দননগর (Chandannagar)। এ বছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসবের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। আগামী ১৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তার আগে পুজোর প্রস্তুতি কতটা এগিয়েছে, তা সরেজমিনে দেখতে মঙ্গলবার চন্দননগরের বিভিন্ন এলাকায় যান জেলাশাসক-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কুঠির মাঠ, স্ট্যান্ড রোড-সহ শহরের গুরুত্বপূর্ণ রাস্তা এবং একাধিক পুজোমণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। উৎসবের সময় যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই আগাম পরিদর্শন।

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নতুন সাজে সাজছে গোটা চন্দননগর। শহরের বিভিন্ন রাস্তা সাজানো হচ্ছে, পাশাপাশি আলোকসজ্জার কাজও চলছে জোরকদমে। আলোর শিল্পের জন্য চন্দননগরের পরিচিতি বহুদিনের। এবার সেই ঐতিহ্যকে আরও বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশ-বিদেশের মানুষের কাছে চন্দননগরের আলোর কাজকে পৌঁছে দেওয়াই অন্যতম লক্ষ্য।

এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতির সম্ভাবনাও ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সূত্রের খবর, রানি মার পুজো হিসেবে পরিচিত তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে পারেন তিনি। ফলে নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। পুজোমণ্ডপে দর্শনার্থীদের যাতায়াত, ভিড় নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

পরিদর্শনের পর জেলাশাসক খুরশিদ আলি কাদরী জানান, জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতেই এই উদ্যোগ। উৎসবের দিনগুলিতে সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেই লক্ষ্যেই আগে থেকে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

চন্দননগরের বিধায়ক দীপাঞ্জনকুমার গুহ জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে এ বছর জগদ্ধাত্রী পুজো রাজ্য উৎসবের মর্যাদা পেয়েছে। ১৩ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। পাশাপাশি চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশকেও এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। শুধু পুজো নয়, শহরের নিজস্ব খাবারের ঐতিহ্যও যাতে দর্শনার্থীদের কাছে পরিচিতি পায়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে আলো, ঐতিহ্য আর উৎসবের আবহে নতুনভাবে সাজছে চন্দননগর। জগদ্ধাত্রী পুজোর এই আয়োজনে সামিল হওয়ার জন্য রাজ্যবাসীকেও আমন্ত্রণ জানিয়েছেন বিধায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন