Aaj India Desk, কলকাতা : সাতসকালে উৎসবের আমেজের মধ্যেই আচমকা ছন্দপতন। গন্তব্যের পথে এগিয়ে চলেছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। কিন্তু অসমের দিগারু স্টেশনের কাছে লাইন পরিবর্তনের সময় ঘটে গেল বিপত্তি। বিকট শব্দে কেঁপে উঠল আশপাশের এলাকা। মুহূর্তের মধ্যে ট্র্যাক থেকে ছিটকে গেল ট্রেনের (Train Accident) একের পর এক কামরা। ইঞ্জিন-সহ লাইনচ্যুত হল সাতটি কামরা। ভাইফোঁটার সকালে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ছড়িয়েছে আতঙ্ক।
লাইন বদলাতে গিয়েই বিপত্তি
বুধবার সকাল ৭টা নাগাদ অসমের কামরূপ মেট্রোপলিটন জেলার দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনাটি (Train Accident) ঘটে। ১৩১২৬ নম্বরের কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইন পরিবর্তন করার সময় আচমকাই বেলাইন হয়ে যায়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ইঞ্জিন-সহ সাতটি কামরা ট্র্যাক থেকে ছিটকে যায়। লাইনচ্যুত কামরাগুলির অধিকাংশই শীতাতপ নিয়ন্ত্রিত। স্থানীয় কয়েকজনের দাবি, দুর্ঘটনার সময় আচমকাই বিকট শব্দ শোনা যায়। এরপরই ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়েই দ্রুত পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ।
কেমন আছেন যাত্রীরা ?
দুর্ঘটনায় (Train Accident) এখনও পর্যন্ত অন্তত সাত জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আপাতত কোনও প্রাণহানির খবর মেলেনি। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা এবং উদ্ধারকাজ নিয়েই এখন বাড়তি তৎপরতা রেল প্রশাসনের।
এই দুর্ঘটনার জেরে গুয়াহাটি-লামডিং রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দু’টি লাইনেই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।এর ফলে পূর্ব অসম, বরাক উপত্যকা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগে প্রভাব পড়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ ও সময়সূচি বদলানোর আশঙ্কাও তৈরি হয়েছে।
দুর্ঘটনাস্থলে লাইনচ্যুত কামরাগুলি সরানোর পাশাপাশি রেললাইন মেরামতির কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ও রেলকর্মীরা কাজ করছেন। তবে কখন থেকে সম্পূর্ণ স্বাভাবিক হবে ট্রেন চলাচল, তা এখনও স্পষ্ট নয়। ভাইফোঁটার সকালে এই দুর্ঘটনার জেরে উত্তর-পূর্ব ভারতের রেলযাত্রায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আহতদের চিকিৎসা, উদ্ধারকাজ এবং রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার দিকেই এখন নজর যাত্রীদের।


