30.6 C
Kolkata
Monday, November 9, 2026
spot_img

বিড়ি বেঁধে সংসার, পুলিশের হাতে দোকান ভাঙা! সেখান থেকে বাজির সাম্রাজ্য! কীভাবে জন্ম হয়েছিল ‘বুড়িমা’র?

কলকাতা: কালীপুজো (Kali puja) মানেই রংমশাল, ঘুরতে থাকে চড়কি। পাড়ার বাজির দোকানে ভিড় জমে। সেই দোকানের তাকেই হয়তো চোখে পড়েছে পরিচিত একটি প্যাকেট। গায়ে সাদা চুলের এক বৃদ্ধার ছবি। নাম ‘বুড়িমা’। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির কালীপুজোর (Kali Puja) নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে এই নাম। কিন্তু জানেন কি, প্যাকেটের সেই বৃদ্ধার পিছনে রয়েছে এক বাস্তব জীবনের অসাধারণ লড়াই? তাঁর নাম অন্নপূর্ণা দাস।

অন্নপূর্ণার জীবনের গল্পের শুরু বাংলাদেশের ফরিদপুরে। দেশভাগের ক্ষত তখন সদ্য দগদগে। চারদিকে দাঙ্গা, অনিশ্চয়তা আর আতঙ্ক। ১৯৪৮ সালে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাধ্য হয়ে ভিটেমাটি ছেড়ে এ পারে চলে আসেন তিনি। পিছনে পড়ে থাকে পরিচিত মাটি, শিকড় আর এক জীবনের স্মৃতি। সামনে অপেক্ষা করছিল অজানা ভবিষ্যৎ।

প্রথম আশ্রয় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি শিবিরে। কিন্তু আশ্রয় পেলেই তো আর সংসার চলে না! সন্তানদের মুখে খাবার তুলে দিতে শুরু করেন বিড়ি বাঁধার কাজ। দুই সন্তানকে পাশে বসিয়ে চলত তাঁর লড়াই। অভাব ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু হার মানার অবকাশ ছিল না।

পরে কিছুটা সচ্ছল হয়ে বেলুড়ে চলে আসেন অন্নপূর্ণা। ১৯৫২ সালে কেনেন একটি ছোট দোকান। সেখানে লজেন্স, খেলনা, ঘুড়ি, পুজোর প্রতিমা-সহ নানা মরসুমি জিনিস বিক্রি করতেন। একসময় মনে হল, কালীপুজোর (Kali Puja) মরসুমে বাজিও বিক্রি করবেন। ধার করে কিনলেন বাজি, সাজালেন দোকান। কিন্তু লাইসেন্স না থাকায় পুলিশ বাজি বাজেয়াপ্ত করে। ভেঙে দেওয়া হয় দোকানও।

অন্য কেউ হয়তো সেখানেই থেমে যেতেন। কিন্তু অন্নপূর্ণা ছিলেন অন্য ধাতুতে গড়া। অপমান আর ক্ষতিকে পাথেয় করেই খোঁজখবর শুরু করেন। আইন মেনে বাজি বিক্রির লাইসেন্স এবং তৈরির অনুমতি জোগাড় করেন। ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর ব্যবসা।

আজ ‘বুড়িমা’ শুধু একটি বাজির ব্র্যান্ড নয়, বাঙালির উৎসবের স্মৃতিরও অংশ। প্যাকেটের বৃদ্ধার ছবিটি মনে করিয়ে দেয় এক উদ্বাস্তু নারীর অদম্য জেদকে। যে নারী একদিন সন্তানদের নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন, তাঁরই নাম আজ আলোর উৎসবের সঙ্গে জড়িয়ে।

আসলে অন্নপূর্ণার গল্প শুধু ব্যবসায়িক সাফল্যের নয়। এ গল্প ভিটেমাটি হারিয়েও স্বপ্ন না হারানোর। এ গল্প এক মায়ের, যিনি অভাবের অন্ধকার পেরিয়ে অসংখ্য বাঙালির কালীপুজোয় (Kali Puja) আলো জ্বালিয়েছিলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন