Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে কালীঘাটে তৈরি হওয়া উত্তেজনার ঘটনায় এবার গ্রেফতার (Arrest) হলেন দু’জন। রবিবার পুলিশকে মারধরের অভিযোগে একবালপুরের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অশান্তির রেশ শনিবারও বজায় ছিল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মোট চারটি এফআইআর দায়ের করেছে কালীঘাট (Kalighat) থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ নিজে থেকে দুটি মামলা করেছে। তার মধ্যে একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। ঘটনার তদন্তে এলাকার বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।
শুক্রবার রাতে কী নিয়ে অশান্তি?
শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ ঘটনার সূত্রপাত। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তাঁর জন্মদিন উপলক্ষে জড়ো হয়েছিলেন অনুগামীরা। সেই সময় পটুয়াপাড়ায় কালীপ্রতিমা নিতে আসেন কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ, তাঁদের ঘিরে ‘চোর চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান, ধস্তাধস্তি এবং ইট ছোড়াছুড়ি।
ভোর পর্যন্ত দফায় দফায় উত্তেজনা চলতে থাকে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার সময় পুলিশের উপরেও হামলার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়।
শনিবার সকালেও বিক্ষোভ
রাতের ঘটনার পর শনিবার সকালেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় ব্যারিকেড বসানো হয়েছিল। এর ফলে কালীপুজোর প্রতিমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাঁদের।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মমতার
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘হঠাৎ করে যেসব পুলিশ বিজেপি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করছি কত প্রমোশন হবে? আর কত প্রমোশন হবে ভাই? এবার হবে ডিমোশন। এই ব্লান্ডার করবেন না। আমাদের যদি অ্যারেস্ট করবেন মনে করেন, তাহলে জেলখানা বা থানাই হবে আমাদের পার্টি অফিস।’সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান ঘিরে কালীঘাটের অশান্তির ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি তদন্তও জোরদার করেছে পুলিশ।


