কলকাতা: বিগ বসের (Bigg Boss Bangla) বাড়িতে প্রেমের মরশুম! রাজবীর-নন্দিনীর টিনএজ রোম্যান্সের পর এবার কি পরিণত প্রেমের ইনিংস শুরু জিতু কমল ও সৃজলা গুহর? গত কয়েকদিন ধরেই তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। কখনও মান-অভিমান, কখনও একে অপরের সঙ্গে খুনসুটি, আবার কখনও গভীর রাত পর্যন্ত কথার আসর, সব মিলিয়ে দু’জনের রসায়ন দেখে অনেকেরই মনে হচ্ছিল, ডাল মে কুছ কালা হ্যায়! অবশেষে শুক্রবারের পর্বে আর রাখঢাক না করে সৃজলার সামনে নিজের মনের কথা উজাড় করে দিলেন জিতু। আর সেই প্রেমপ্রস্তাব ঘিরেই এবার চর্চায় অভিনেতার প্রাক্তন স্ত্রী নবনীতা দাসও।
মাইক চাপা, কিন্তু প্রেম কি আর চাপা থাকে!
জিতু ও সৃজলার সম্পর্কের রসায়ন যে বিগ বসের (Bigg Boss Bangla) বাড়িতে নতুন মাত্রা পেয়েছে, তা বেশ কয়েকদিন ধরেই স্পষ্ট। কখনও সৃজলার মুখে শোনা গিয়েছে, ‘চাইনি ভালোবেসে ফেলতে’, কখনও আবার জিতুকে বলতে শোনা গিয়েছে, ভালোবেসে ফেলো না। তাঁদের এই ইশারা-ইঙ্গিত আর মান-অভিমানের খেলায় দর্শকদের কৌতূহলও বেড়েছে কয়েক গুণ।
শুক্রবারের পর্বে সেই জল্পনাতেই যেন সিলমোহর দিলেন জিতু। হাত দিয়ে মাইক চেপে সৃজলাকে একেবারে সিনেমার কায়দায় প্রেম নিবেদন করেন অভিনেতা। তাঁর কথায়, “এই আকাশ, এই বাতাস, এই পাখি, এই নদী সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি।”
ব্যস! বিগ বসের (Bigg Boss Bangla) বাড়িতে তখন প্রেমের পারদ চড়তে আর বাকি কী! তবে জিতুর এমন সরাসরি স্বীকারোক্তির পরও সৃজলার তরফে মেলেনি কোনও স্পষ্ট উত্তর। অভিনেতার প্রেমপ্রস্তাবে কিছুটা দোটানায় পড়ে যান তিনি। জিতু যখন হ্যাঁ অথবা না শুনতে চাইছেন, তখন সৃজলা যেন রহস্য আরও বাড়িয়ে দিলেন। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, জিতুর প্রেমের প্রস্তাবে কি তবে ক্লিন বোল্ড সৃজলা, নাকি এখনও চলছে অপেক্ষার ইনিংস?
ডিভোর্সের পর নতুন প্রেম? কী বলছেন জিতুর প্রাক্তন নবনীতা?
জিতুর ব্যক্তিগত জীবন নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে জিতুর। বিবাহবিচ্ছেদের পর থেকে অভিনেতা সিঙ্গলই ছিলেন। যদিও বিচ্ছেদের পরেও প্রাক্তন দম্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
এবার বিগ বসের (Bigg Boss Bangla) ঘরে জিতুর প্রেমচর্চা নিয়ে কী ভাবছেন নবনীতা?
এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাঁর বিগ বস দেখার সুযোগ হয়নি। ফলে শোয়ের অন্দরে কী ঘটছে, সে বিষয়ে তিনি বিশেষ কিছু জানেন না। বর্তমানে নিজের বাড়ির ইন্টিরিয়র ও রিনোভেশনের কাজ নিয়েই ভীষণ ব্যস্ত নবনীতা। তাই জিতু-সৃজলার রসায়ন নিয়ে কোনও মন্তব্যও করতে চাননি তিনি।
প্রাক্তনের নতুন প্রেমে নজর, নাকি নিজের বাড়ি সাজাতেই ব্যস্ত নবনীতা?
সব মিলিয়ে বিগ বসের (Bigg Boss Bangla) বাড়িতে জিতুর প্রেমপ্রস্তাব ঘিরে এখন জমজমাট চর্চা। একদিকে জিতুর মুখে প্রকাশ্যে ভালোবাসার স্বীকারোক্তি, অন্যদিকে সৃজলার রহস্যময় প্রতিক্রিয়া। আর বাইরে নবনীতা নিজের মতো ব্যস্ত নতুন করে ঘর সাজাতে। তবে জিতু-সৃজলার এই সম্পর্ক কি সত্যিই বিগ বসের বাড়ির চার দেওয়াল পেরিয়ে এগোবে? নাকি সবটাই রিয়্যালিটি শোয়ের রসায়ন? উত্তর দেবে আগামী পর্ব!


