30.7 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

৪২ হাজার কোটির বকেয়া, মিটেছে মাত্র ৮ হাজার! DA মামলায় রাজ্যকে কী বলল সুপ্রিম কোর্ট?

Aaj India Desk, কলকাতা: ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরও কেন এখনও সরকারি কর্মীদের সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো হয়নি? প্রায় ন’মাস কেটে যাওয়ার পর এবার এই প্রশ্নই রাজ্য সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চে ডিএ সংক্রান্ত মামলার শুনানি হয়। মামলাটি করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। শুনানিতে বকেয়া ডিএ নিয়ে রাজ্যের কাছে জবাব চায় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী জানুয়ারি মাসে।

কত টাকা বকেয়া?

শুনানিতে সরকারি কর্মীদের হয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অনুদানপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরা এখনও তাঁদের প্রাপ্য বকেয়া ডিএ পাননি। অন্যদিকে আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, বকেয়া মেটানোর জন্য ৪২ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলা হলেও এখনও পর্যন্ত মাত্র ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ, বকেয়ার বড় অংশ এখনও মেটানো বাকি।

কী নির্দেশ আদালতের?

আগামী ১৪ ডিসেম্বর মামলার আবেদনকারীদের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। ওই কমিটি তাদের রিপোর্ট জমা দেওয়ার পর সেটি খতিয়ে দেখেই জানুয়ারি মাসে পরবর্তী সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

কেন এই মামলা?

২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আইনি লড়াই শুরু করেন। সেই সময় রাজ্য সরকারের বক্তব্য ছিল, কর্মীদের ডিএ দেওয়া সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। তবে সুপ্রিম কোর্ট জানায়, পশ্চিমবঙ্গের ২০০৯ সালের বেতন সংশোধন সংক্রান্ত নিয়ম অনুযায়ী ডিএ কর্মচারীদের আইনত প্রাপ্য অধিকার।

২০১৭ সাল থেকে এই মামলাটি চলছিল। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা SAT, পরে কলকাতা হাইকোর্ট ঘুরে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা AICPI অনুযায়ী সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। সেই নির্দেশের পরও বকেয়া সম্পূর্ণ মেটানো না হওয়ায় এবার ফের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যকে।

উল্লেখ্য, ২০২২ সালে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা ছিল। পরবর্তী সময়ে ২০২৩ সালের বাজেটে ডিএ ১৮ শতাংশ এবং ২০২৪ সালের বাজেটে ২৯ শতাংশ করার ঘোষণা করা হয়। রাজ্য সরকার ইতিমধ্যে বকেয়ার কিছু অংশ মিটিয়েছে। তবে গ্রান্ট-ইন-এইড বা সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের অভিযোগ, তাঁদের বকেয়া মেটানোর ক্ষেত্রে এখনও যথাযথ পদক্ষেপ করা হয়নি।

এখন নজর আগামী ১৪ ডিসেম্বরের বৈঠক এবং জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে শীর্ষ আদালত এবার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন